রাত ১২টায় সবাই মিলে কেক কেটেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এনটিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে একক নাটক অ্যানালগ ভালোবাসা। এই নাটকে অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই। এ ছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। গতকাল ছিল তাঁর স্বামী অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। সব মিলিয়েই কথা হলো তাঁর সঙ্গে।
রোবেনা রেজা জুঁই l ছবি: প্রথম আলো
রোবেনা রেজা জুঁই l ছবি: প্রথম আলো

অ্যানালগ ভালোবাসার গল্পটা কী নিয়ে?
আমরা যে দিন দিন প্রযুক্তির ওপর, বিশেষ করে ফেসবুকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, সেটা নিয়েই নাটকটির গল্প। ফেসবুক ছাড়াও আমাদের একটা সামাজিক জীবন আছে, আত্মীয়স্বজন আছে, পরিবার আছে; এটাই দেখানো হয়েছে।
শুটিং হয়েছিল কত দিন আগে?
মজার ব্যাপার হলো, ঠিক এক বছর আগে এই দিনেও নাটকটির শুটিং হয়েছিল। দিনটির কথা বিশেষ করে মনে আছে, কারণ ২২ আগস্ট মোশাররফ করিমের জন্মদিন। আমরা ওই দিন সেটে বসেই কেক কেটেছিলাম। আজ ওর জন্মদিনের পরদিন নাটকটি প্রচারিত হচ্ছে। কাকতালীয়ভাবে ঘটনাটি মিলে গেছে।
এবার মোশাররফ করিমের জন্মদিন কীভাবে পালন করলেন?
তেমন কিছু না। ও জন্মদিনের দিনও শিডিউল দিয়ে দিয়েছে। তাই বিশেষ কোনো পরিকল্পনা করার সুযোগ হয়নি। রাত ১২টায় সবাই মিলে কেক কেটেছি এবং একসঙ্গে খাওয়াদাওয়া করেছি।
উপহার দিয়েছেন নিশ্চয়ই!
হ্যাঁ। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার সময় ও একটা ঘড়ি পছন্দ করেছিল। কিন্তু কেনার সুযোগ হয়নি। পরে এ দেশ থেকে কাছাকাছি ডিজাইনের একটা ঘড়ি কিনে দিয়েছি। ওই ডিজাইনটা পাইনি।
অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
আমি অনেক আনন্দ নিয়ে ওর সঙ্গে কাজ করি। কিন্তু মোশাররফ আমার সঙ্গে কাজ করতে এলেই আড়ষ্ট হয়ে যায়। আমি একবার কারণটি জানতে চেয়েছিলাম। ওর নাকি আমার সঙ্গে অভিনয় করতে এলেই মনে হয়, ‘আমি জুঁইয়ের সঙ্গে এসব কী করছি।’
স্বামী মোশাররফ নাকি অভিনেতা মোশাররফ প্রিয়?
দুজনই আমার খুব প্রিয়। তবে অভিনেতা মোশাররফ আমার এবং সবার গর্ব। আর স্বামী মোশাররফ করিম আমার খুব প্রিয় ও ভালো মানুষ।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক