>

বহু কালজয়ী বাংলা গানের স্রষ্টা শচীন দেববর্মন। আজ এই কিংবদন্তির ১১০তম জন্মদিন। এ উপলক্ষে আজ রাত ১১টা থেকে মাছরাঙা টিভিতে দুই ঘণ্টা তাঁর গান শোনাবেন শিল্পী সঞ্জয় রায়। সরাসরি এই অনুষ্ঠানে গানের পাশাপাশি শচীন দেববর্মনকে নিয়ে অনেক কথা বলবেন তিনি। বাংলাদেশ ও ভারতে শচীন দেববর্মন চর্চা ও সংশ্লিষ্ট প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে
তাঁর গানে অনুপ্রাণিত হলেন কীভাবে?
শুরুতে মান্না দে, সতীনাথ, ভূপেন, শ্যামল, সন্ধ্যা, লতাদের গান করতাম। তাঁদের প্রায় ৮০০ গান তুলেছি। ওয়াহিদুল হক আমার কণ্ঠ পছন্দ করতেন। তিনিই পরামর্শ দিলেন, এঁদের আগের প্রজন্মের শিল্পীদের গান করতে। তিনি আমাকে শচীন দেববর্মন, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, কুন্দ লাল সায়গল, ধনঞ্জয় ভট্টাচার্য, বেচু দত্ত, কমল দাশগুপ্তদের গানের ক্যাসেট দিয়েছেন। তারপরই আমি তাঁদের গান তুলতে ও গাইতে শুরু করি। তবে শচীন দেবের গান আমাকে বেশি আকর্ষণ করে।
বাংলাদেশ ও ভারতে তাঁর গান চর্চার অবস্থা কেমন?
বাংলাদেশে শচীনের পরিচিত ১০-১৫টি গানই বেশি প্রচার ও গীত হয়। সেটাও তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীকেন্দ্রিক। ভারতে তাঁর সংগীতায়োজনে করা হিন্দি গানগুলোই বেশি জনপ্রিয়। আর বাংলা গানগুলো সেখানে এমনভাবে গাওয়া হয়, বোঝা যায় না ওগুলো আসলে কার গান।
শচীনের স্মৃতি ধরে রাখতে কী উদ্যোগ নেওয়া যেতে পারে?
কুমিল্লায় তাঁর পৈতৃক বাড়িটি দুর্বৃত্তের দখলে। সেখানে হাঁস-মুরগির খামার হয়েছে। সরকারি উদ্যোগে সেটি দখলমুক্ত করে একটা জাদুঘর ও শচীনের গানের আর্কাইভ করা যেতে পারে।
শচীনের গান আরও বিস্তৃতভাবে প্রসারে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
যেহেতু এই মাসেই তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী, সেহেতু সারা মাস বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর গানগুলো প্রচার করা উচিত। এতে অনেক শিল্পী মিলে তাঁর প্রায় সব কটি গান দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। শচীন দেববর্মনের গানের মাস হতে পারে অক্টোবর।
আজ কয়টি গান শোনাবেন?
শচীন দেববর্মনের মোট ১৩৩টি গানের প্রায় ১০০ গান করেছি। সেখান থেকে আজ গাইব প্রায় ২৫টি। তাঁর সব গানই অসাধারণ। সেগুলোতে রয়েছে লোকগীতি এবং মার্গ সংগীতের সংমিশ্রণ, যা এই ভূখণ্ডের খুব কম শিল্পীর গানেই আছে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ