শাকিবকে আমরা বয়কট করিনি

শাকিব খানকে ঘিরে টালমাটাল দেশের সিনেমা। মাস তিনেক ধরে এফডিসিতে তাঁকে ঘিরে যত আলোচনা; সঙ্গে আছে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা প্রসঙ্গও। দেশের সিনেমার পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীদের ১৬ সংগঠনের একাংশ নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার গতকাল ১৮ জুলাই বৈঠক করে দেশের সিনেমার জনপ্রিয় এই নায়কের ব্যাপারে একটি সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে সংগঠনটি সরাসরি জানিয়ে দেয়, এখন থেকে নতুন ও পুরোনো কোনো সিনেমায় শাকিবের সঙ্গে করবে না বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সংগঠনটির আহ্বায়ক ফারুক আজ বুধবার বিকেলে কথা বলেন শাকিবসহ আরও কয়েকটি প্রসঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র পরিবার নাকি শাকিব খানকে বয়কট করেছে। আবার কেউ বলছেন শাকিব নিষিদ্ধ। কেউবা বলছেন অবাঞ্ছিত। আসল ঘটনাটা আপনার কাছে শুনতে চাই।
এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা কাউকে বয়কট করিনি। আমরা বৈঠকে নির্দিষ্ট কিছু বিষয়ে আলাপ করেছি। যারা যৌথ প্রযোজনার নামে প্রতারণা করে সিনেমা বানিয়েছে বা কলকাতা থেকে নিয়ম না মেনে সিনেমা এনেছে, তাদের বিষয়ে আলোচনা করেছি। এ ছাড়া যৌথ প্রতারণার সিনেমার সাফাই গাইতে গিয়ে উদ্ভট ও ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছে, তাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের ১৬ সংগঠনের কেউ কাজ না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এখানে বয়কটের কিছু নেই। এখন কেউ পারে—বাইরে থেকে লোক এনে কাজ করবে করুক, মানা করছে কে?
চলচ্চিত্র পরিবারের উদ্দেশ্য কী?
আমরা চেষ্টা করছি দেশের পুরো চলচ্চিত্র পরিবারকে এক জায়গায় নিয়ে আসতে। একটা শক্তিশালী প্ল্যাটফর্ম করে তুলতে চাই। আমরা যখন চলচ্চিত্র থেকে সরে যাই, তখন হঠাৎ নোংরামি শুরু হয়। এই সুযোগে কিছু নষ্ট মানুষ চলচ্চিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এরপর আবার কিছুটা ঠিক হলে ঢুকে যায় যৌথ প্রযোজনার নামে প্রতারণা। এখনকার সরকার সংস্কৃতিবান্ধব, চলচ্চিত্রের উন্নতি চায় তারা। আমাদের সময় ৩৫ মিলিমিটারে কাজ হতো, এখনো আমরা সেটাতেই অভ্যস্ত। এখন যে ডিজিটাল প্রযুক্তি চালু হয়েছে, সেসব কাজ বলতে গেলে আমরা জানিই না। আমরা চলচ্চিত্রের মানুষগুলোকে প্রযুক্তির দিক দিয়ে উন্নত করতে চাই। চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই।
শাকিবের বিরুদ্ধে ভুল-ত্রুটির যে অভিযোগ, তা থেকে পরিত্রাণের উপায় কী?
এটার জন্য তাকে ভাবতে হবে। সে কোথা থেকে কোথায় এসেছে, এটা তো সে-ই সবচেয়ে ভালো জানে। ওর ওপর দেশের বেশির ভাগ প্রযোজক এখন নির্ভর করছে। অনেক বড় দায়িত্ব তাকে মাথায় নিতে হচ্ছে। সে যদি নিজেকে হারিয়ে ফেলে, তাহলে তো মুশকিল। পর্দায় নয়, বাস্তবেও শাকিবকে অনেক কিছু সামাল দিতে হবে।
চলচ্চিত্রের এখনকার সংকট কাটিয়ে ওঠার উপায় কী?
পরিচালক কাজী হায়াতের একটা কথা আমার ভালো লাগছিল। তিনি বলেছিলেন, ফারুক চাইলে হাফ এন আওয়ারে এখনকার ঝামেলা শেষ করে দিতে পারে। আমি বলব, সবার মানসিকতা ঠিক থাকলে হাফ অ্যান আওয়ারের চেয়েও কম সময়ে অস্থিরতা কেটে যাবে।
অনেকেই প্রেক্ষাগৃহ নিয়ে জটিলতা ও যৌথ প্রযোজনার নামে প্রতারণা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দিকে অভিযোগের তীর ছুড়ছেন। এ বিষয়ে আপনি কী বলবেন?
জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে কথা বলতে চেয়েছিল। আমার শরীরটা খারাপ থাকায় তাদের সঙ্গে সেদিন কথা বলতে পারিনি। শরীরটা ভালো হলেই সবার সঙ্গে বসে জাজকে নিয়ে যে জটিলতা, তা ঠিক করে ফেলতে পারব। স্বাধীন দেশে সবার সমান অধিকার আছে। আর দেশের সিনেমা হলগুলো তো চিরস্থায়ী বন্দোবস্ত করে কাউকে দিয়ে দেওয়া হয়নি।
যৌথ প্রযোজনা নিয়ে আপনার অভিমত কী?
আমি যৌথ প্রযোজনার পক্ষে। আমি তো চাই, যৌথ প্রযোজনার সিনেমা বেশি বেশি হোক, কিন্তু সেটা অবশ্যই নিয়ম মেনে। দুই দেশের স্বার্থের বিষয়টিও সবাইকে দেখতে হবে।
যেভাবে আন্দোলন চলছে, তাতে সিনেমার শুটিংও স্থবির হয়ে আছে।
মিটিংয়ে অনেক ধরনের আলোচনা হয়। সবকিছু তো আর সবাই জানে না। আমি কিন্তু সবাইকে এটাও বলেছি, খালি চিৎকার করলে তো হবে না। সিনেমা বানাতে হবে। সিনেমা বানানো অনেক বাড়াতে হবে। ভালো গল্প, ভালো ছবি বানানোর মাধ্যমে এ অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে।