শান্তিনিকেতনে পড়তে চান প্রসূন আজাদ

লাক্স তারকা প্রসূন আজাদ এ প্রজন্মের জনপ্রিয় মুখ। মাসুদ আখন্দ পরিচালিত ‘স্বপ্নপোকা’ ছবিতে কাজ করছেন তিনি। চলচ্চিত্রের কাজ এবং ব্যক্তিগত আরও কিছু বিষয় নিয়ে প্রসূন কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
‘স্বপ্নপোকা’ ছবির শুটিং...
এক দিন মাত্র শুটিং করেছি। প্রথম দিনেই গানের শুটিং ছিল। কার্জন হলে আমরা শুটিং করেছি। অনেক ভালো লেগেছে।
‘স্বপ্নপোকা’য় প্রসূনের চরিত্র...
আমি এখানে খুব সাধারণ পরিবারের একজন মেয়ে। আমার চরিত্রের নাম রূপা। বাঙালি পরিবারের অনেক মেয়েই তাদের মনের কথাগুলো কাউকে খুলে বলতে পারে না। রূপা সেরকমই একটি চরিত্র।
অভিনয়...
আমি খুব মিশুক। সবার সঙ্গে মিশতে অনেক পছন্দ করি। অভিনয়ের মধ্য দিয়ে আমি অন্য মানুষের জীবনবোধকে জানতে পারি। তাই অভিনয় করি। এ ছাড়া অভিনয়ের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। অভিনেত্রী হওয়ার পেছনে আমার বাবার অবদান অনেক বেশি।
প্রিয় সহশিল্পী...
আহমেদ রুবেল, মোশাররফ করিম।
ধারাবাহিক নাটক...
আমি আসলে ধারাবাহিক নাটক পছন্দ করি না। কারণ একটা চরিত্র দীর্ঘদিন ধরে করার ধৈর্য আমার নেই। অন্যদিকে, খণ্ড নাটক করলে অনেক চরিত্রের সঙ্গে পরিচয় হয়।
প্রসূনের পড়াশোনা...
আমি উচ্চমাধ্যমিক পাস করেছি। চলতি বছরের ডিসেম্বর মাসে শান্তিনিকেতনে নাট্যকলা বিষয়ে ভর্তি হওয়ার কথা ভাবছি।
প্রথম প্রেমের গল্প...
আমি দশম শ্রেণিতে পড়ার সময় একটা ছেলের প্রেমে পড়ি। তাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম। একদিন বাবা-মায়ের কাছে ধরা পড়ি। বাবার হাতে চড় খেয়ে প্রেমের ইতি। আর এখন আমার প্রেম শুধুই অভিনয়ের সঙ্গে।
ভবিষ্যত্ পরিকল্পনা...
আমি নাটকে অভিনয় করে যেতে চাই। তবে আমার প্রধান লক্ষ্য চলচ্চিত্র। নারী প্রধান চরিত্র আমার খুব পছন্দ। ভবিষ্যতে আমি চলচ্চিত্র পরিচালনাও করতে চাই। মিডিয়াকে ঘিরেই আমার সব স্বপ্ন।