শাবনূর আপার ‘জীবন সংসার’ দেখেই নায়িকা হতে চেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস
ছবি: অপু বিশ্বাসের ফেসবুক পেজ থেকে
শুক্রবার দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু'। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। স্টেজ শো করতে তিনি এখন আছেন ভারতের কলকাতায়। সেখান থেকে মুঠোফোনে কথা বললেন অপু।

প্রশ্ন :

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পেল, আপনি নেই কেন?

কিছুক্ষণ আগেও পরিচালকের সঙ্গে কথা হলো। শুনলাম, কয়েকটি হলে হাউসফুল যাচ্ছে। এই মন্দা অবস্থার মধ্যেও ছবিটি এত ভালো যাবে বুঝিনি। হাউসফুল হওয়ার খবর শুনে এক্সসাইটেড আমি। তা ছাড়া ছবিটি মুক্তির সময় শিল্পী সমিতির নেতারা যেভাবে প্রচারণা চালিয়েছেন, আমি খুবই খুশি।

প্রশ্ন :

প্রায় আড়াই বছর পর ছবির মুক্তি। করোনাকালে প্রেক্ষাগৃহে কিছুটা দর্শক মন্দা। ঝুঁকি মনে হয়নি?

নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রায় দেড় মাস নতুন ছবি মুক্তি পায়নি। এ অবস্থায় কিছুটা ঝুঁকি তো আছেই। তবে ভক্তদের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা ও আস্থা আছে। তাঁরা সিনেমাটি দেখতে হলে যাবেন। মুক্তির পর এ কয়েক দিন তাঁরা আমাকে নিরাশ করেননি। তা ছাড়া অপু বিশ্বাসের একার দর্শক দিয়ে তো হল ভরছে না। বাপ্পীর দর্শক আছে, পরিচালক দেবাশীষ বিশ্বাসের দর্শক আছে। সব মিলে ছবিটি মন্দ যাচ্ছে না। আমি হ্যাপি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’– সিনেমার মূল পাত্রপাত্রী বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ দেখেছেন?

হ্যাঁ, দেখেছি। যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু করার কথাবার্তা চূড়ান্ত হলো, এর পরই ওই ছবিটি দেখেছি। শাবনূর আপা নায়িকা ছিলেন। ছবিটি দেখার পর শাবনূর আপার সঙ্গে কথা বলেছিলাম। ঢাকার চলচ্চিত্রে একমাত্র শাবনূর আপাই আমার কাছে অভিনয়ের রানি। চোখ, মুখ, নাকের—ও মাই গড, সে কী অভিনয়! শাবনূর আপার জীবন সংসার দেখেই আমি নায়িকা হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকে আমি নাচ করতাম। কিন্তু ওই ছবিতে শাবনূর আপাকে দেখার পর নায়িকা হওয়ার সাধ হয়েছিল। বলতে পারেন, শাবনূর আপার কারণেই আমি আজ অপু বিশ্বাস।

প্রশ্ন :

শাবনূর কী বলেছিলেন আপনাকে?

যখন তাঁকে জানালাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ–এর সিক্যুয়ালে আমি অভিনয় করতে যাচ্ছি, তিনি বলছিলেন, ‘করো করো, তুমি ভালো করতে পারবা।’ আমি বললাম, ‘তোমার চেয়েও?’ বললেন, ‘আমাকে না টপকাতে পারলে কিসের অভিনেত্রী তুমি?’ তখন আমি বললাম, ‘আপা, কোনো সমস্যা হলে শিখিয়ে দিও।’ শাবনূর আপা তখন মজা করে বলছিলেন, ‘অবশ্যই দেব। তবে হিরোকে পাঠিয়ে দিও, তাহলে ভালো করে সাহায্য করব। হা হা হা...।’

অপু বিশ্বাস
সংগৃহীত

প্রশ্ন :

কলকাতা থেকে ফিরবেন কবে?

মঙ্গলবার ফিরতে পারি। এর মধ্যেই আমার শো শেষ হয়ে যাবে।

প্রশ্ন :

হলে গিয়ে সিনেমাটি দেখবেন না?

অবশ্যই। ভারতের শোগুলোর জন্য আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলাম। এ কারণে ‘না’ করা যায়নি। তা না হলে ছবির প্রচারের সময় ভালোভাবে থাকতে পারতাম। হলে হলে দর্শকের সঙ্গে সময় দেওয়া যেত। দেশে ফিরে বগুড়ার মধুবন সিনেমা হলে যাব। ওই হল থেকে আমাদের পুরো টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা ছাড়া বগুড়া আমার নিজের জেলা। নিজের শহরের দর্শকের সঙ্গে বসে সবাই ছবিটি উপভোগ করব। এরপর ঢাকায় এসে কয়েকটি হলে যাওয়ার ইচ্ছা আছে।

অপু বিশ্বাস
ইনস্টাগ্রাম

প্রশ্ন :

ছবি মুক্তির সময় আপনি দেশে নেই, খারাপ লাগেনি?

অবশ্যই খারাপ লাগছে। কারণ, অনেক দিন পর আমার একটি ছবি মুক্তি পেয়েছে। বেশি খারাপ লাগছে মধুমিতা হলে ছবিটির গ্র্যান্ড ওপেনিংয়ে থাকতে পারিনি। মন্ত্রী থেকে শুরু করে প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির নেতারাও ছিলেন অনুষ্ঠানে। সিনেমা মুক্তির অনুষ্ঠানে একসঙ্গে এত বড় বড় মানুষ উপস্থিত ছিলেন, আমি থাকতে পারিনি বলে আফসোস হয়েছে।

প্রশ্ন :

আপনাদের ছবির প্রচারে শিল্পী সমিতির নেতারা অংশ নিলেন, ব্যাপারটা কেমন লাগল?

এটি বাংলা সিনেমার জন্য অত্যন্ত ইতিবাচক। এখন মনে হচ্ছে আমরা এক পরিবার। এই সিনেমাটি ঘিরে ফেসবুকে সবাই প্রচার চালাচ্ছেন। হলে গিয়ে সিনেমা দেখতে বলছেন তাঁরা। সিনেমার জন্য এখানকার মানুষদের এমনটিই করা উচিত। এতে সব ছবিতেই নতুন নতুন দর্শক আসবেন। এই উদ্যোগটা বাংলা সিনেমার জন্য নতুন ইতিহাস।

প্রশ্ন :

কলকাতার শোগুলো কেমন হচ্ছে?

ভালো। না হলে তো আমাকে শো করতে ডাকত না। কলকাতা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে আমাদের বাংলাদেশি সিনেমার অনেক ভক্ত আছেন। শো করতে এসে দেখলাম, এখানেও আমাকে অনেক মানুষই চেনেন।