শাবনূর দেশে ফিরছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাবনূর
শাবনূর

অস্ট্রেলিয়ায় ফোন করা হলো শাবনূরকে।
‘হ্যালো, শাবনূর, কেমন আছেন?’
‘অনেক ভালো আছি।’
‘দেশে ফিরছেন কবে?’
‘এখনো দিন-তারিখ ঠিক করিনি। তবে মাস দুয়েকের মধ্যে ফিরছি এটা অন্তত বলতে পারি।’
‘এর আগেও দুবার দেশে ফেরার কথা বলছিলেন?’
‘ওহ্ আচ্ছা, বাবুর (শাবনূরের ছেলে আইজান) টিকা দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। এখন টিকা দেওয়ার কাজ শেষ। চাইলে কালকেই দেশে ফিরতে পারি।’
‘কালই ফিরছেন নাকি?’
‘না না, এটা তো কথার কথা। তবে মাস দুয়েকের মধ্যে ফিরছি এটা নিশ্চিত।’
গতকাল বাংলাদেশ সময় বেলা সোয়া একটায় প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পরিবারের সবাই এখন সিডনিতে থাকে। মার কিছু ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা আছে, সেগুলো শেষ হলেই আইজানসহ ঢাকায় ফিরব।’
ঢাকায় ফিরে ছবির কাজে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়ায় আসার আগে বেশ কয়েকটি ছবির কাজ বাকি রেখে আসতে হয়েছিল। ঢাকায় ফিরে সেসব ছবির কাজ করব। পাশাপাশি দুজন পরিচালক তাঁদের ছবির ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ঢাকায় ফিরে নতুন নির্মাতাদের সঙ্গেও কথা বলব। তাঁদের ছবির কাজও করব।’
গত বছরের ২৯ ডিসেম্বর ছেলে সন্তানের মা হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছিলেন শাবনূর। সে হিসেবে এবারই প্রথম ছেলেকে নিয়ে ঈদ উদ্যাপন করলেন তিনি। ছেলের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের এখানে তো ফাটাফাটি ঈদ হয়। কারণ, আমাদের পরিবার ও আত্মীয়দের অনেকেই সিডনিতে থাকে। বরাবরের মতো এবারও আমরা সবাই একসঙ্গে মিলে ঈদে অনেক মজা করেছি।’
ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা।