‘নৃত্যনন্দন’-এর রজতজয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ভারতের নৃত্যগুরু শ্রীমতী কলাবতী দেবীর পরিচালনায় থাকছে মণিপুরি শাস্ত্রীয় নৃত্যের পরিবেশনা। সংগঠনটির রজতজয়ন্তী উৎসব নিয়ে কথা বলেছেন এর কর্ণধার নৃত্যশিল্পী

শর্মিলা বন্দ্যোপাধ্যায়
রজতজয়ন্তীর প্রান্তে দাঁড়িয়ে...
নাচের সংগঠন ‘নৃত্যনন্দন’-এর রজতজয়ন্তী এ বছর। এর অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নৃত্যনন্দনের আয়োজনে ২ জানুয়ারি থেকে চলছে মণিপুরি নৃত্যের ওপর বিশেষ কর্মশালা। এটি পরিচালনা করছেন উপমহাদেশের প্রখ্যাত নৃত্যগুরু শ্রীমতী কলাবতী দেবী। এখানে আশাতীত সাড়া পেয়েছি আমরা। দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নিয়েছেন ৭০ জন প্রশিক্ষণার্থী। কর্মশালার শেষ দিনে আজ প্রশিক্ষণার্থী শিল্পী ও দেশের প্রতিষ্ঠিত মণিপুরি নৃত্যশিল্পীদের সমন্বয়ে নানামাত্রিক পরিবেশনা থাকবে। অনুষ্ঠানের আগে হল কাউন্টার থেকে এর আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে।
আজ যা থাকছে...
আজকের পরিবেশনায় থাকবে শাস্ত্রীয় নাচের মৌলিক বিষয়গুলো। এ ছাড়া থাকবে বেশ কয়েকটি নতুন পরিবেশনা। এর মধ্যে রয়েছে ‘এক গোপী এক শ্যাম’, ‘দণ্ডরাস’, ‘দশাবতার’ এবং ‘গোপ বালক নৃত্য’।
রজতজয়ন্তীর আরও যত আয়োজন...
নৃত্যনন্দনের ২৫ বছর পূর্তিতে সারা বছর নাচ নিয়ে বিভিন্ন কাজ করতে চাই আমরা। এর মধ্যে যেমন থাকবে নৃত্যনাট্য, তেমনি কর্মশালা ও গবেষণামূলক কর্মকাণ্ড। মণিপুরি নাচের কর্মশালার পর ভরতনাট্যম নিয়েও কর্মশালা করার ইচ্ছে আছে আমাদের। এ বছরই মঞ্চে আনার পরিকল্পনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা ও বসন্ত—এই দুই নৃত্যনাট্য। তা ছাড়া সৃজনশীল আঙ্গিকের নাচ দিয়েও একটি নৃত্যনাট্য উপহার দিতে চাই দর্শকদের। সব মিলিয়ে নাচকে ছড়িয়ে দিতে চাই সবার মধ্যে।
নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের সম্ভাবনা...
শাস্ত্রীয় নৃত্য প্রচুর পরিশ্রম করে শিখতে হয়। এ ক্ষেত্রে নতুনদের সম্ভাবনা অনেক। কারণ, তাঁদের আছে শেখার আগ্রহ। এবারের কর্মশালাতেও আমরা তার প্রমাণ পেয়েছি। এই চটকদারির যুগে শাস্ত্রীয় নৃত্য টিকে থাকবে কি না, অনেকেই এমন সংশয় প্রকাশ করেন। আমার মনে হয়, শাস্ত্রীয় নৃত্য তার নিজের গুণ ও ক্ষমতাতেই টিকে থাকবে।
সাক্ষাৎকার: আলতাফ শাহনেওয়াজ