
১৭৭তম পর্বে এসে শেষ হচ্ছে ধারাবাহিক নাটক অ-এর গল্প। আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে এর শেষ পর্ব প্রচারিত হবে। বিভিন্ন বাস্তব ঘটনা এই নাটকে উঠে আসত বেশ সহজভাবে। কথা হলো বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান এবং এই নাটকের সূত্রধর শামীম শাহেদের সঙ্গে
‘অ-এর গল্প’ হঠাৎ শেষ হয়ে যাচ্ছে কেন?
আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের কাছে একবার জানতে চাওয়া হলো, ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটিকে আরও জনপ্রিয় করতে হলে কী করতে হবে? তিনি বললেন, ‘অনুষ্ঠানটিকে এখনই শেষ করে দিতে হবে।’ আমরা অবাক হলাম! তখন স্যার আমাদের বোঝালেন, গ্রহণযোগ্যতা থাকতে থাকতে কোনো কিছু শেষ হলে তার প্রভাব থেকে যায়। তার আবেদন কমে না। অ-এর গল্প-এর বেলায় আমরা সেই বিষয়কেই মাথায় রেখেছি। আমাদের তো ১৭৭ পর্বেরই পরিকল্পনা ছিল না। দর্শক-সাড়ার কারণে এত দূর নিয়ে এলাম অ-এর গল্পকে।
‘অ-এর গল্প’ আবারও ফিরতে পারে?
কেন নয়? এর আগেও যেসব অনুষ্ঠান দর্শক বারবার দেখতে চেয়েছেন, তা আমরা নতুন করে শুরু করেছি। যেমন ‘আমার আমি’র কথা বলতে পারি।
নাটকের গল্প নির্বাচন কীভাবে করতেন আপনারা?
সমসাময়িক ঘটনাগুলো আমরা পত্রিকা কিংবা টিভির খবর থেকে নিতাম। তা ছাড়া দেশের বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনাকে উপজীব্য করে তা আমাদের দেশের উপযোগী করেও তৈরি করতাম। যেহেতু অ-এর গল্প-এর মূল উপজীব্য ছিল অন্ধকার, অলৌকিক, অপরাধ আর অতিপ্রাকৃত ঘটনা, তাই আমাদের টিমে দুজন ক্রাইম রিপোর্টারও কাজ করতেন। অ-এর গল্প-এর প্রতিটি ঘটনার একটি করে শিরোনাম থাকত। মজার বিষয় হচ্ছে, প্রতিটি শিরোনামের শুরুই আমরা করতাম ‘অ’ দিয়ে।