>আজ রাত পৌনে ১২টায় দেশ টিভিতে গান করবেন সোমনুর মনির কোনাল। এ স্টুডিও কনসার্টটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। এ অনুষ্ঠানসহ আরও নানা বিষয় নিয়ে কথা বললেন তরুণ এই কণ্ঠশিল্পী

শীত তো এসেই গেল।
শীত আমার প্রিয় ঋতু। এই মৌসুমটা খুব ভালো যায় আমার।
শীতে অনেক গানের অনুষ্ঠান হয়। মঞ্চে গান করার আমন্ত্রণ আসতে শুরু করেছে আপনার?
সবে তো মৌসুম এল। আয়োজকেরা আড়মোড়া ভাঙতে শুরু করেছেন। তবে এ বছর হয়তো অনুষ্ঠান কম হবে। দেশ এ বছর রোহিঙ্গাদের জন্য কাজ করল। ডিসেম্বর থেকে হয়তো কিছু অনুষ্ঠান হবে।
শুনলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উদ্দীপনামূলক বক্তৃতা দিতে গিয়েছিলেন। কী বললেন তাঁদের?
স্টেট ইউনিভার্সিটির নবীনবরণে গিয়েছিলাম। দেশের বাইরে না গিয়ে পড়ালেখার জন্য তাঁরা দেশের একটি বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে বলে তাঁদের ধন্যবাদ দিলাম। সংগীতকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার সুবিধার কথাও বললাম।
কাল (আজ বৃহস্পতিবার) রাতে দেশ টিভিতে কী কী গান শোনাবেন?
নিজের অ্যালবামের গান, কিছু নতুন গান, চলচ্চিত্রের গান করব। তা ছাড়া নিজের প্রিয় কিছু গান শোনাব ঠিক করেছি।
এ বছর ভালো লেগেছে এমন একটি অপ্রকাশিত কাজের কথা বলুন।
মাসুদ পথিক পরিচালিত মায়া: দ্য লস্ট মাদার ছবির জন্য একটি গান গেয়েছি। হেদায়েত উল্লাহ আল মামুনের লেখা গানটির কথাগুলো এ রকম ‘আমার মায়ের আঁচল কোথায় বলো জন্মভূমি’। ছবিটার শুটিং শেষ হয়নি এখনো।
কেমন কাটল আপনার বছরটি? কাজগুলো নিয়ে তৃপ্ত তো?
শিল্পীরা কখনো তৃপ্ত হয় বলেন? তবে আমার ‘বন্ধু’ গানটি নিয়ে বেশ সাড়া পেয়েছি। ইউটিউব শ্রোতারা দেড় মিলিয়নের বেশিবার গানটি দেখেছেন, যদিও সেটা বড় কথা নয়। কিন্তু একটা ভালো লাগা কাজ করে।
চারপাশে তারকাদের সংসার ভাঙার ঘটনার মধ্য দিয়ে নিজের সংসারের এক বছর পার করলেন। ভালো যাচ্ছে তো?
ভালো যাচ্ছে। সংসারে সময় দিতে গিয়ে কাজও কম করেছি। তবে যেকোনো ভাঙন বেদনার। যাঁদের দাম্পত্য ভেঙেছে, তাঁদের ভেতরের ঘটনাগুলো আমরা জানি না। নিশ্চয়ই তাঁদের কষ্ট হয়েছে। তবে নীতিগতভাবে যদি মানুষ ঠিক থাকে, ভালো মানুষ হয়ে থাকতে পারে, তারা ভালো থাকবে। আমাদের ভালো যাচ্ছে।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ