
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল নায়ক ফেরদৌস–এর। পরে সিদ্ধান্ত বদলেছেন। নির্বাচনে দাঁড়াচ্ছেন না তিনি। এদিকে বিউটি সার্কাস ছবির প্রথম ধাপের শুটিং শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন এই অভিনেতা। ফেরদৌসের এ সময়ের কাজগুলো নিয়েই এবার কথা হলো তাঁর সঙ্গে।
শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত বদলালেন কেন?
প্রথমে ভেবেছিলাম নির্বাচন করব। কিন্তু পরে দেখলাম, এখন নির্বাচন করা ঠিক হবে না। প্রথমত, এখানে আমি বেশি সময় দিতে পারব না। সময় পুরোপুরি দিতে না পারায় আগের কমিটির দু–একজন শিল্পী সমালোচিত হয়েছেন। দ্বিতীয়ত, শুরুতে এটিকে একটি ঘরোয়া নির্বাচন মনে হয়েছিল। পরে দেখলাম, পুরো বিষয়টি জটিল। শিল্পীদের মধ্যে ভাগ হয়ে গেছে। আমি এই জায়গায় সর্বজনীন হয়ে থাকতে চাই। তাই মনে হয়েছে, নির্বাচন না করাই ভালো।
আগের কমিটি নিয়ে আপনার মূল্যায়ন কী?
আমি দেশেই তো কম থেকেছি। তাই পুরো বিষয়টি ঠিকভাবে জানা নেই। তারপরও আমি যতটুকু দেখেছি, শুনেছি, শিল্পী নেতাদের সমিতিতে আরও সময় দেওয়া উচিত ছিল। সমিতির কাজ হবে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়া, চলচ্চিত্রের বিভিন্ন উত্সব আয়োজন করা, আন্তর্জাতিক উত্সবে শিল্পী সমিতির উদ্যোগে অংশ নেওয়া—এ ধরনের কাজগুলো দরকার। কিন্তু বিগত দিনের কোনো কমিটিই এসব কাজ হাতে নেয়নি। আরেকটি বিষয় আমি নির্বাচন সামনে রেখে বলতে চাই, সেটা হলো চলচ্চিত্রশিল্পীদের দুস্থ হিসেবে যেন আখ্যায়িত না করা হয়। যাঁরা ভোটে দাঁড়াবেন, তাঁরা যেন দুস্থ শিল্পীদের সাহায্য-সহযোগিতার কথা বলে ভোট না চান। শিল্পীদের দুস্থ বলা খুবই দুঃখজনক, অপমানজনক।
‘বিউটি সার্কাস’ ছবির কাজ কতটুকু এগিয়েছে?
কিছুদিন আগে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ করে ফিরেছি। ছবিতে আমার চরিত্রের নাম বখতিয়ার। সার্কাস দেখতে এসে নায়িকা বিউটির প্রেমে পড়ে সে।
কলকাতার কোনো ছবিতে কাজ করছেন?
সোমনাথ সেনের সাঁঝের জোনাকি, পাপিয়া অধিকারীর ওরা রৌদ্দুর থেকে সরে ছিল—এই দুটি ছবির কাজ চলছে।