
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়ে গেল গত ৩০ জানুয়ারি। দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শাকিব খান। বড় ব্যবধানে জয় এবং জয়–পরবর্তী কাজ নিয়ে কথা বললেন নবনির্বাচিত সভাপতি
আবার সভাপতি পদে নির্বাচিত হলেন, অনুভূতি কি আগের মতোই?
আমার প্রতি শিল্পীসমাজের যে এত ভালোবাসা, আমার জানা ছিল না। তাঁরা আমাকে একচেটিয়াভাবে ভোট দিয়ে বড় ব্যবধানে নির্বাচিত করেছেন। আমি আবারও হতবাক। বাংলাদেশের চলচ্চিত্রের সব শিল্পীর কাছে আমি কৃতজ্ঞ।
ভোট বেশি পাওয়ার ক্ষেত্রে কি নায়ক হিসেবে আপনার জনপ্রিয়তা সহায়তা করেছে?
না, এটা আমি মনে করি না। সাধারণ মানুষের কাছে আমি একজন জনপ্রিয় শিল্পী হতে পারি। কিন্তু শিল্পীসমাজের কাছে আমিও সবার মতোই একজন সাধারণ অভিনয়শিল্পী। সুতরাং তাঁদের ওপর আমার জনপ্রিয়তা প্রভাব ফেলে না। আমার প্রতি সহশিল্পীদের মনের টান এবং ভালোবাসাই আমাকে জয়ী করেছে।
নতুন কমিটি নিয়ে পরিকল্পনা কী?
নির্বাচিত শিল্পী সমিতির বাইরে যাঁরা আছেন, তাঁদের নিয়ে নতুন নির্বাচিত কমিটির সঙ্গে সমন্বয় করে একটি উপদেষ্টা কমিটি গঠন করতে চাই। এই উপদেষ্টা কমিটি ‘আর্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে কাজ করবে। চলচ্চিত্রশিল্পে আমূল পরিবর্তন আনতে যা যা দরকার, তাই-ই করা হবে।
সভাপতি হিসেবে কতটুকু সময় দিতে পারবেন?
এখন আরও সময় বেশি দিতে পারব। আগে বেশি বেশি ছবিতে কাজ করতাম। এখন বছরে ভালো পাঁচ-ছয়টি ছবিতে কাজ করব। ফলে শিল্পীদের জন্য কাজের সময় আরও বেশি পাওয়া যাবে। এ ছাড়া এবারের নির্বাচনে তরুণ শিল্পীদের যে আগ্রহ দেখেছি, তাঁদের সঙ্গে নিয়ে এগোলে আগামী দিনে সমিতি আরও গতিশীল হবে।
আপনি বলেছিলেন, দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে এবারের নির্বাচন সঠিক সময়ে করা সম্ভব হয়নি। সামনেও দেশের পরিস্থিতি এ রকম থাকলে কী করবেন?
ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতেই সঠিক সময়ে নির্বাচন করতে চাই।
সাক্ষাৎকার: শফিক আল মামুন