শিল্পীসত্তার কাছে আমার ব্যক্তিসত্তা কৃতজ্ঞ
এ মাসেই ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন অভিনয়শিল্পী ফারজানা ছবি। গতকাল শুক্রবার ছিল তাঁর জন্মদিন। তিনি জানালেন, শিল্পীজীবনের উষ্ণতায় ব্যক্তিজীবনকে কীভাবে এগিয়ে নিলেন।
প্রশ্ন :
জন্মদিনের শুভেচ্ছা।
ধন্যবাদ।
প্রশ্ন :
কেমন কাটছে দিনটি?
অন্যান্য দিনের মতোই। বাসায় বাচ্চারা দুষ্টুমি করছে। উপহার, কেক, ফুল আসছে। সন্ধ্যায় বাসার সবাই কেক কাটব। কাল বা পরশু বেড়াতেও যেতে পারি।
প্রশ্ন :
অভিনয়জীবনের প্রথম দিনটি মনে পড়ে?
লিও তলস্তয়ের দ্য লেটার অবলম্বনে চিঠি নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র ‘পদ্ম’র ভূমিকায় অভিনয় করেছিলাম। নির্দেশক আবদুল্লাহ আল মামুন। ক্লাস এইটে পড়ি, বয়সটা যাতে একটু বেশি দেখায়, সে জন্য শাড়ি পরে যেতে বলেছিলেন। লাল একটা শাড়ি পরে যাই। দেখি, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, আবুল হায়াত, কে এস ফিরোজ, এস এম মহসিন, সোহেল আরমান ও জহির বিপ্লবরা বসে আছেন।
প্রশ্ন :
তখনকার দিনের সঙ্গে আজকের পার্থক্য কী?
এখন সবাই রাতারাতি তারকা হতে চায়। অনেক চ্যানেল, প্রত্যেকেরই ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, টিকটক করে। পারফরম্যান্সকে সহজলভ্য করে ফেলেছে সবাই। শিল্পী হতে যে কঠিন পথ পাড়ি দিতে হয়, সেটা এখনকার বেশির ভাগ ছেলেমেয়ে বোঝে না। সহজে কিছু পেয়ে গেলে কেউ সেসবের মূল্য বোঝে না।
প্রশ্ন :
ব্যক্তি মানুষ হিসেবে অভিনয়জীবন থেকে কী পেলেন?
নানা রকম চরিত্রে অভিনয় করেছি। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মিশেছি। গ্রাম, মেথরপট্টি, ডোমপাড়া, বস্তি—কত জায়গার মানুষ দেখার সৌভাগ্য হয়েছে, শেখার সুযোগ হয়েছে। বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরে প্রবেশ করেছি। এতে আমার শিল্পীসত্তা সমৃদ্ধ হয়েছে। সেসব অভিজ্ঞতা আমাকে বাস্তবজীবনে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। এ এক অমূল্য পাওয়া। ভিউ, পপুলারিটি, অ্যাওয়ার্ডের চেয়ে সেসব মূল্যবান। শিল্পীসত্তার কাছে আমার ব্যক্তিসত্তা কৃতজ্ঞ।
প্রশ্ন :
আমাদের এখানে একজন নারী শিল্পীর কার সমর্থন সবচেয়ে বেশি দরকার?
আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি মায়ের। আজ যে আমি, সব কৃতিত্ব মায়ের। তারপর আমার স্বামী তন্ময় সরকারের। এরপর আমার বড় বোন, বড় ভাই, বাবা—সবার সমর্থনই পেয়েছি। নারী বা পুরুষ, সব শিল্পীরই আসলে পরিবারের সমর্থন দরকার।
প্রশ্ন :
কী করতে চান, যা এখনো করা হয়নি?
ওয়েব ফিল্ম, সিরিজ, নাটক ও সিনেমায় ভালো ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করতে চাই। আমি আজীবন অভিনয়টাই করতে চেয়েছি। তারকা হতে চাইনি। অনেককে বলতে শুনি, ‘বাজেট কম, স্ক্রিপ্ট ভালো না, কোনো রকম করে দিয়ে এসেছি।’ নাটক–সিনেমার প্রতিটি জায়গা আলাদা করে সব সময় ভালো না–ও হতে পারে। আমি আমার চরিত্রের প্রতি সৎ থাকি, নিজের কাজটুকু সততার সঙ্গে করি। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছি, সন্তান হওয়ার দুদিন আগেও শুটিং করেছি। কখনো শিডিউইল ফাঁসাইনি। বাবা মৃত্যুশয্যায়, শুটিং শেষ করে শেষ রাতে গিয়ে বাবার হাতটা ধরেছি। পরদিন ভোরে বাবা চলে গেছেন।
প্রশ্ন :
দর্শক হিসেবে আপনার পছন্দের কয়েকটি ছবি ও সিরিয়ালের নাম বলবেন?
মহানগর, বিয়ন্ড দ্য ক্লাউড, ময়ূরাক্ষী, কমলা রকেট, অজ্ঞাতনামাসহ এ রকম অনেক কাজই আমার ভালো লেগেছে। এই মুহূর্তে সব কটির কথা মনে পড়বে না।
প্রশ্ন :
এখন কী করছেন?
শিশুতোষ ধারাবাহিক বিন্দু বিন্দু গোয়েন্দাগিরির কাজ শুরু হবে শিগগিরই। অপেক্ষা করছি মান্নান হীরার জনকের মুখ সিনেমাটা কবে মুক্তি পায়। দুর্ভাগ্য, ছবিটি পোস্ট প্রোডাকশনে রেখে তিনি হঠাৎ চলে গেলেন।