শুটিংয়ের আগে সেটে গিয়ে দুই ঘণ্টা ঘুমিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেল মাসের শেষ দিকে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কদিন আগে কাজে ফিরেছেন। অংশ নিয়েছেন নাচের অনুষ্ঠান, ডাবিং ও শুটিংয়ে। কথা হলো তাঁর সঙ্গে।
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন আপনি!

হ্যাঁ, চিকুনগুনিয়া জ্বরের সব উপসর্গ ছিল। শুধু র‍্যাশ ওঠেনি। এ কারণে আর সেভাবে পরীক্ষা-নিরীক্ষা করাইনি। এখন সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি।

তাহলে তো মনে হয় অসুস্থতার কারণে অনেক কাজ আটকে গেছে। তাই না?

হ্যাঁ, যেদিন জ্বরে পড়ি, তার আগের দিনও এনটিভির একটি নাচের অনুষ্ঠানের মহড়া করেছি। সেদিন শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। ভেবেছি, নাচের কারণে হয়তো এমন লাগছে। পরের দিন শুটিং। সেটও রেডি। কিন্তু সেদিন কোনোভাবেই বিছানা ছেড়ে উঠতে পারিনি। চার-পাঁচ দিন পর সেই নাচের অনুষ্ঠানের শুটিং করেছি।

কোনো সমস্যা হয়নি?

না। অনুষ্ঠানের সবাই খুবই আন্তরিক ছিলেন। শুটিংয়ের আগে সেটে গিয়ে দুই ঘণ্টা ঘুমিয়েছি। আর নাচের সময় ছাড়া বাকি সময় খুব দুর্বল লাগত। শেষ পর্যন্ত কাজটা ভালো হয়েছে।

অসুখে পড়ার আগে তো সৃজিত মুখার্জির ‘ইয়েতির অভিযান’ ছবির শুটিং করে এলেন।  সেই কাজটা কি শেষ হয়েছে?

না। এ মাসের ১৫ তারিখ থেকে শুটিং হবে সুইজারল্যান্ডে। সবাই মিলে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এখন।

এই ছবিতে এত দিনের কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

দারুণ। একদিনের ঘটনা বলি। সারা দিন টানা শুটিং করেছি। একটি দৃশ্য শেষ করে বাইরে দাঁড়িয়েছি। তখন দাদা (সৃজিত) আমার কাছে এসে বললেন, ‘তুমি তো দারুণ অভিনয় করো। আমি অনেক খুশি’—এই কথা শুনে কী যে ভালো লেগেছিল, বোঝাতে পারব না।

আর কেউ কিছু বলেননি?

হ্যাঁ। প্রসেনজিৎদা, যিশু সবাই খুব প্রশংসা করেছেন। একবার তো যিশুর সঙ্গে শট দিচ্ছিলাম। শেষ করে বললাম, ঠিকমতো দিতে পারছি তো? ও বলল, তুমি তো দারুণ করছ, আমারটা ঠিক হচ্ছে কি না, সেটা বলো!’

ঈদের কোনো নাটকে অভিনয় করেছেন?

মাসখানেক আগে চ্যানেল আইয়ের একটি নাটকে অভিনয় করেছিলাম। ওই নাটকটি আসছে ঈদে প্রচারিত হবে।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক