শুধু নৃত্যশিল্পী হতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চের মাঝামাঝি সময়ে টিভির চ্যানেল ঘোরাতে গিয়ে হঠাৎ দেখা গেল এক চেনা মুখ। একটি ভারতীয় বাংলা চ্যানেলে প্রচারিত রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে এক প্রতিযোগীর গানের সঙ্গে নেচেছেন বাংলাদেশের নৃত্যশিল্পী সুদেষ্ণা স্বয়ম্প্রভা তাথৈ। কয়েক দিন আগে এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্নাতকোত্তর করতে যাওয়া তাথৈ তখন তাঁর বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রথম আলোর সঙ্গে।
সেদিন আপনাকে কলকাতার চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে দেখলাম। কীভাবে সেই অনুষ্ঠানে অংশ নিলেন?
এ ঘটনা বলতে গেলে প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কথা বলতে হয়। আমি ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি এখানে মণিপুরি নর্তনালয়েও নাচ শিখছি। সংগীতশিল্পী কালিকাপ্রসাদ আমাদের প্রতিষ্ঠানের শৈল্পিক নির্দেশক বিম্বাবতী দেবীকে প্রস্তাব দেন সারেগামাপা অনুষ্ঠানে একটি গানের সঙ্গে মণিপুরি নাচ পরিবেশনের। তিনি বলেন ‘হৃদ মাঝারে রাখব’ গানটির সঙ্গে নাচের কথা। সেই অনুযায়ী জ্যেষ্ঠ শিল্পী তনুশ্রী দাশের কোরিওগ্রাফিতে আমরা মণিপুরি নর্তনালয়ের ছয়জন শিল্পী সারেগামাপার মঞ্চে নাচটি করি। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন এটি প্রচারিত হলো, তখন এর পরিকল্পনাকারী আমাদের ছেড়ে চলে গেলেন।
আপনাদের শুটিংয়ের দিন কি কালিকাপ্রসাদ ছিলেন অনুষ্ঠানে?
অনুষ্ঠানের রেকর্ডিং হয়েছিল ১১ ফেব্রুয়ারি। সেদিন কালিকাপ্রসাদ স্টুডিওতে ছিলেন। আমাদের নৃত্যশিল্পীদের সঙ্গে তাঁর দেখা হয়নি। তবে তিনি শুটিংয়ে উপস্থিত, এটুকু জেনেছি।
সেদিনের ছয় শিল্পীর মধ্যে শুধু কি আপনি একাই বাংলাদেশি ছিলেন?
না। আরেকজন শিল্পী ছিলেন বাংলাদেশের। তাঁর নাম মনামী অর্থি। তিনিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। পাশাপাশি মণিপুরি নর্তনালয়েও নাচ শিখছেন।
আপনি রবীন্দ্রভারতীতে কী বিষয়ে পড়ছেন?
আমি আমার দ্বিতীয় স্নাতকোত্তর করছি নাচের ওপর। আমার মূল বিষয় হলো মণিপুরি নাচ। এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। ২০১৮ নাগাদ শেষ হবে কোর্স।
এরপরের পরিকল্পনা কী?
আমি প্রথম স্নাতকোত্তর করেছি নৃবিজ্ঞানে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমার ইচ্ছা ভবিষ্যতে নাচ ও নৃবিজ্ঞান—এই দুটো বিষয়ের সমন্বয়ে কিছু গবেষণাধর্মী কাজ করা। বলতে পারেন নাচের ব্যাপারে প্রবল আগ্রহের কারণেই আমি আমার প্রথম মাস্টার্স নৃবিজ্ঞানে করেছিলাম। কারণ, এ বিষয়ে পড়াশোনা করে আমি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিকড়কে আরও গভীরভাবে জেনেছি। তাই পড়াশোনা শেষ করে আমি এ বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে গবেষণা করতে চাই। শুধু নৃত্যশিল্পী হিসেবে নিজের একটি ব্যক্তিগত পরিচয় দাঁড় করাতে চাই না।
তাহলে এখন শুধু পড়াশোনায় মনযোগী? সামনে নাচের কোনো অনুষ্ঠান নেই?
পড়ার ফাঁকে ছুটি পেলে যখন বাংলাদেশে যাই, তখন অনুষ্ঠান করি। তা ছাড়া ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসায় তাদের পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দলের সঙ্গে মণিপুরি নাচ করেছি। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২ এপ্রিল (আগামীকাল) সন্ধ্যা সাড়ে ছয়টায়। আমাদের পারফরম্যান্স ছিল কিরণমালা সিরিজের অভিনেত্রী রুকমা রায় আর তুমি আসবে বলে সিরিজের ‘নন্দিতা’ চরিত্রে অভিনয় করা সন্দিপ্তা সেনের সঙ্গে। নাচটির কোরিওগ্রাফ করেছেন বিম্বাবতী দেবী। ১৫ মার্চ ওই অনুষ্ঠানের রেকর্ডিং হয়।