শুধু শিল্পী সমিতি নয়, ১৮টি সংগঠনকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঞ্চন ভাই বলেছেন, চলচ্চিত্রের উন্নয়নে শুধু শিল্পী সমিতি নয়, ১৮টি সংগঠনকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে

প্রশ্ন :

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে উৎসবের আমেজ। কাঞ্চন এবং নিপুণ প্যানেলের নির্বাচনী প্রচারণা কেমন চলছে?

আমরা সারা দিনই নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এফডিসিতে আসছি প্রতিদিন। শিল্পী ও কলাকুশীদের সঙ্গে দেখা হচ্ছে। মূলত নির্বাচনটা হলে সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমার কাছে তো ঈদ ঈদ ব্যাপার মনে হচ্ছে।

প্রশ্ন :

ইলিয়াস কাঞ্চন এবং আপনার এক হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার গল্পটা জানতে চাই।

কোভিডের সময় যখন এফডিসিতে আসি, তখন সাধারণ শিল্পীদের কিছু সমস্যা দেখি। সাধারণ শিল্পীদের কাছে যদি যেতে হয়, এফডিসিতে যেতেই হবে। অন্যথায় সাধারণ শিল্পীদের জন্য কিছু করা সম্ভব নয়। পারলেও হয়তো তা স্বল্প পরিসরে। কোভিডের সময় যখন মানুষগুলোর কাছাকাছি এলাম, দেখলাম যে অনেক ধরনের সমস্যার মধ্যে আছেন তাঁরা। এরপর সমমনা সবার সঙ্গে কথা বললাম। কাঞ্চন ভাইয়ের মতো একজন মানুষকে সভাপতি হিসেবে পেয়েছি, যিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন শূন্য থেকে শুরু করেছেন। মানুষের জন্য তাঁর অনেক কিছু করার ইচ্ছা। চলচ্চিত্রের মানুষদের জন্য তো আরও বেশি। সাধারণ শিল্পীদের জন্য কিছু করা এবং শিল্পীদের মর্যাদা ফিরিয়ে আনা—এই চিন্তা থেকেই আমরা এক হয়েছি। আমাদের ইন্ডাস্ট্রিও অভিভাবকহীন হয়ে পড়েছিল। শিল্পীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। চলচ্চিত্রের মানুষদের মধ্যকার দূরত্ব দূর করতে আমাদের এমন কাউকে দরকার ছিল, যিনি দাঁড়িয়ে শক্ত হাতে সব সামাল দেবেন। কাঞ্চন ভাই তেমনই একজন মানুষ। কাঞ্চন ভাই বলেছেন, চলচ্চিত্রের উন্নয়নে শুধু শিল্পী সমিতি নয়, ১৮টি সংগঠনকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।

এই গানে আমাদের ২১ প্রার্থীর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। আর যে পোস্টার করা হয়েছে, সেখানে চেয়েছি সিনেম্যাটিক ফ্লেভার দিতে

প্রশ্ন :

এবার আপনারা ভিন্ন ঢঙে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। থিম সং করেছেন, রিকশা পেইন্টের পোস্টার করেছেন। এই ভিন্নতার কারণ কী?

আমরা চেয়েছি একটু ভিন্নতা রাখতে। গানের মাধ্যমে দ্রুত মানুষের কাছে যাওয়া যায়। তাই আমরা গান তৈরি করেছি। এই গানে আমাদের ২১ প্রার্থীর চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। আর যে পোস্টার করা হয়েছে, সেখানে চেয়েছি সিনেম্যাটিক ফ্লেভার দিতে। আগে রিকশা পেইন্ট হতো, আমরা দেখতাম শাবানা আপার ছবি, আলমগীর ভাইয়ের ছবি। আমরা সেই রিকশা পেইন্ট করেছি, সবাই প্রশংসা করেছেন। এ–ও বলেছেন, শিল্পীদের নির্বাচনী পোস্টার তো এমনই হওয়া উচিত।

প্রশ্ন :

শিল্পী সমিতির নির্বাচন করার জন্য ব্যক্তি নিপুণকে প্রভাবিত করেছেন কারা?

আমি একা কিছু করিনি, আমাদের একটা বড় টিম কাজ করেছে। রিয়াজ ভাই, ফেরদৌস ভাইয়ের কথা বলব। শাকিল খান, অমিত হাসান, সাইমন, ইমন, নিরব, ডি এ তায়েব, কেয়া, শাহনুর; মানে পুরো টিমের কথা বলব। সবাই মিলে আমরা অনেকবার বসেছি—চলচ্চিত্রের এই সংকটাপন্ন সময়ে আমরা সবাই মিলে কী করতে পারি, কীভাবে করব! তাই বলছি, সবার প্রভাবই আছে।

কাঞ্চন–নিপুন প্যানেলের সদস্যরা ইমনের ক্যামেরায়
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

সবাই মিলে প্রচারণার কাজ করতে কেমন লাগছে?

একেক জন একেকভাবে আমরা কাজ করছি, আইডিয়া দিচ্ছি। যেমন পোস্টারের আইডিয়াটা রিয়াজ ভাইয়ের, থিম সংয়ের আইডিয়া দিয়েছেন ফেরদৌস ভাই। আমাদের মধ্যে বন্ধন খুব ভালো। আমরা সবাই মিলে কাজ করছি।

প্রশ্ন :

যদি আপনারা জিতে যান, তাহলে অপর পক্ষকে কতটুকু কাজের সুযোগ দেবেন?

কাঞ্চন ভাইয়ের কথা হলো, যদি আমরা আসি, আপনারা (বর্তমান কমিটি) আমাদের সঙ্গে এসে কাজ করবেন। আর যদি আপনারা আসেন, তাহলে আমরা আপনাদের সঙ্গে বসে একসঙ্গে কাজ করব। সুতরাং যে দলই জিতুক, আমরা একসঙ্গে কাজ করব।

প্রশ্ন :

কাঞ্চন–নিপুণ প্যানেল কী কী প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পীদের?

এফডিসির সবাই মিলে বছরে যেন ৫০-৬০টা ছবির কাজ করতে পারেন, কাঞ্চন ভাই তেমন উদ্যোগ নিতে চাচ্ছেন। যাঁরা বিশেষ দৃশ্যে এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে কাজ করেন, তাঁদের জন্য বিমার ব্যবস্থা করতে চাই। আমাদের ফাইটার এবং ড্যান্সার গ্রুপের সবাইকে আরও প্রশিক্ষিত করে তুলতে দেশের বাইরে থেকে প্রশিক্ষক এনে সাত থেকে আট দিনব্যাপী কর্মশালার আয়োজন করার পরিকল্পনাও আছে। এর বাইরে আরও নানা কাজের কথা আমরা ভাবছি।