আজ শনিবার প্রকাশিত হচ্ছে তাঁর দ্বিতীয় একক গানের অ্যালবাম দেখো রে চিত্তকমলে। অ্যালবামটি প্রকাশ করছে বেঙ্গল ফাউন্ডেশন। ছায়ানটের একসময়ের মেধাবী শিক্ষার্থী এবং বর্তমানে রবীন্দ্রসংগীতের শিক্ষক সেমন্তী মঞ্জরী বললেন তাঁর নতুন অ্যালবাম, সংগীতচর্চা ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে।

‘দেখো রে চিত্তকমলে’ অ্যালবামে কোন ধরনের গান রাখা হয়েছে?
নিজের ভেতরকার আনন্দ ও আত্মোপলব্ধির গান। রবীন্দ্রনাথের সকল পর্যায়ের গানই আছে। মামি মিতা হক গান বাছাইয়ে সাহায্য করেছেন।
গানে আপনার হাতেখড়ি, গুরুত্বপূর্ণ শিক্ষণকাল এবং শেখার বিভিন্ন পর্যায়ে কাদের পেয়েছেন?
হাতেখড়ি বাবা সোহরাব উদ্দীনের হাতে। মামি ছিলেন শিক্ষক। তাঁর কাছে বসে বসে অনেক গান শিখে ফেলেছিলাম। ছায়ানটে ভর্তির পর শিক্ষক হিসেবে ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন ও লাইসা আহমদ লিসাকে পেয়েছি। আমার পরম সৌভাগ্য এটা।
কলকাতায় গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা কেমন?
কলকাতার যন্ত্রশিল্পীরা খুব পেশাদার। প্রত্যেককেই দেখেছি, একটি গানকে সমৃদ্ধ করতে অন্য শিল্পীদের সঙ্গে নানা পরামর্শ করেন। তবলাশিল্পী হয়তো বলছেন, এই জায়গাটা এমন হলে ভালো হয়। বাঁশিশিল্পী হয়তো বলছেন, এখানে এভাবে বাজানোই কিন্তু ভালো। ব্যাপারগুলো আমার ভালো লেগেছে।
লন্ডনে কী করছেন? গান করার সুযোগ পান সেখানে?
কালচারাল স্টাডিজ নিয়ে মাস্টার্স পড়ছি। পাশাপাশি এখানকার বাঙালি ছেলেমেয়েদের রবীন্দ্রসংগীত শেখাচ্ছি, গাইছি বিভিন্ন মঞ্চে। এখানকার বেশির ভাগ বাঙালি সিলেটের। তাঁরা বাউলগান ভালোবাসেন। রবীন্দ্রনাথের বাউল-অঙ্গের গানগুলোও পছন্দ করেন।
এখনকার ফ্যাশন সিঙ্গেল গান ও ভিডিও। একক অ্যালবাম করলেন যে?
আমাদের ঘরানায় এখনো অ্যালবামের চল আছে। গাওয়া ও শেখানোর মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবনের যে ধাপগুলো পেরোচ্ছি, আমার ইচ্ছা অ্যালবামে সেগুলো ধরে রাখা। সংগীতের পথচলার বাঁকগুলোর প্রমাণ হয়ে থাকবে অ্যালবামগুলো। অ্যালবাম করে খুব যে টাকাপয়সা আসে, তা কিন্তু নয়।
গাওয়া ছাড়া আর কী করতে ইচ্ছা করে?
আমি আসলে শেখাতে চাই, অসংখ্য শিক্ষার্থী তৈরি করতে চাই। তরুণদের ভেতর রবীন্দ্রসংগীতকে ছড়িয়ে দিতে চাই।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ