শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব

দীর্ঘ ক্যারিয়ারে সফলতা, ব্যর্থতা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন ইমনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারা সামনে প্রশংসা করে, অগোচরে বদনাম করে। এ ধরনের মানুষ খুবই বিপজ্জনক। এই ফেইক রিলেশন এখন এড়িয়ে চলি। এই দ্বৈত মানসিকতার মানুষের কারণে অনেক সময় কাছের লোকজনের সঙ্গে ভুল–বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়। তাদের কারণে মাঝেমধ্যে খুবই হতাশ ও বিরক্ত লাগে।

প্রশ্ন :

অভিনয়ে ১৩ বছরের ক্যারিয়ার। নিজেকে কতটা সফল বলবেন?

আমি সফল কি না, তা বলার সময় এখনো আসেনি। আমি একটু একটু করে অভিনয়শিল্পী হিসেবে প্রতিদিন নিজেকে তৈরি করছি। ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব।

প্রশ্ন :

আপনার এই দীর্ঘ পথচলায় কোনো সিদ্ধান্তকে ভুল মনে হয়েছে?

আমি যখন অভিনয় শুরু করি, তখন অনেক ছোট ছিলাম। ইন্ডাস্ট্রিতে আমার কোনো অভিভাবক ছিলেন না। অনেক সময় হাতে কাজ রাখার জন্য অনেক সিনেমায় চুক্তি করেছি, কিছু ভুল মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। কিছু বড় প্রতিষ্ঠানের কাজ করতে পারিনি। শতকরা ৫০ ভাগ কাজে সন্তুষ্ট হয়েছি। এখন পেছনে ফিরে তাকালে মনে হয়, অনেক কাজ না করলেও পারতাম। আমাকে আরও ভালো কাজ করতে হবে।

আমি সফল কি না, তা বলার সময় এখনো আসেনি
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

ক্যারিয়ারে অপ্রাপ্তি কী?

‘দারুচিনি দ্বীপ’ ছবি থেকে শিখছি। মনে হচ্ছে, অভিনয়ের ক্ষেত্রে আমি এখনো অনেক ক্ষুধার্ত। কিন্তু কোনোভাবেই ভালো গল্প কিংবা চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি না। আমার অভিনয়ের দক্ষতাকে কাজে লাগাতে পারছি না। এটা মাঝেমধ্যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

প্রশ্ন :

কোন ঘটনাগুলো আপনাকে হতাশ করে?

একশ্রেণির মানুষ আছে দুমুখো। তারা সামনে প্রশংসা করে, অগোচরে বদনাম করে। এ ধরনের মানুষ খুবই বিপজ্জনক। এই ফেইক রিলেশন এখন এড়িয়ে চলি। এই দ্বৈত মানসিকতার মানুষের কারণে অনেক সময় কাছের লোকজনের সঙ্গে ভুল–বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হয়। তাদের কারণে মাঝেমধ্যে খুবই হতাশ ও বিরক্ত লাগে।

আফজাল হোসেনের বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু করি
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

আপনার মেধাকে ছোট করে দেখেছে, এমন মানুষের মুখোমুখি হয়েছেন কখনো?

আফজাল হোসেনের বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু করি। তারপর চলচ্চিত্রে আসি। পরে কিছু মানুষ নাটকে অভিনয়ের কারণে আমাকে ‘ছোট’ করে দেখতে চেয়েছে। কিন্তু অভিনেতা হিসেবে ভালো না, কেউ বলতে পারেনি। বেশির ভাগ মানুষই প্রশংসা করেছে।

প্রশ্ন :

আপনার সিনেমায় অভিনয়ের কোনো ইচ্ছা ছিল না। কোন ঘটনা সিনেমাতে অভিনয়ে অনুপ্রাণিত করেছে?

একবার আমি চ্যানেল আইয়ের ইবনে হাসান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। তখন বিজ্ঞাপনের বাইরে অভিনয় করিনি। তিনি আমাকে দেখে হঠাৎ বলে উঠলেন, ‘আপনি হিরো হবেন।’ আমি তখন নাচ, ফাইটিং কিছুই জানি না। হাসান ভাই আমাকে সব শিখতে বললেন। পরে অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে দেশের বাইরে নাটক করতে পাঠালেন। সেদিন তাঁর অনুপ্রেরণা আমাকে আশা জাগিয়েছিল।

প্রশ্ন :

অনেকেই কাজ পাওয়ার জন্য প্রযোজকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। নিয়মিত দেখা করেন। এটা আপনাকে কতটা করতে হয়েছে?

সবার সঙ্গে পরিচয় থাকার দরকার আছে। আমরা একটি কমিউনিটির মধ্যে থাকি। কিন্তু কারও প্রশংসা করে এখন আর কাজ পাওয়া যায় না। লবিং করে এক–দুটি কাজ পাওয়া যায়। কিন্তু অভিনয়ে দক্ষতা না থাকলে টিকে থাকা যায় না। পরিশ্রম করলে ফলটা পাওয়া যায়।

সবার সঙ্গে পরিচয় থাকার দরকার আছে
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

আপনার শুরুটা হয়েছিল ‘দারুচিনি দ্বীপ’ ছবি দিয়ে। পরে ‘অন্তরঙ্গ’, ‘পদ্মপাতা’সহ বেশকিছু ভালো সিনেমায় অভিনয় করেছেন। সেই ক্রমধারায় কিছুটা ছেদ পড়েছে?

দুই বছর ধরে কারও হাতেই সে অর্থে কাজ নেই। তা ছাড়া আমিও অনেক ভালো কিছু প্রস্তাবে ব্যস্ততার কারণে অভিনয় করতে পারিনি। একসময় মনে হতো, শাকিব খান যে ধরনের সিনেমায় অভিনয় করেন, আমাকেও সেই একই ধরনের সিনেমায় অভিনয় করতে হবে। উদাহরণটা এ জন্য দিলাম যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছি। কিন্তু পছন্দের অনেক কাজ করতে পারিনি। আশা করছি সামনে ভালো কাজ করব।

প্রশ্ন :

আপনি অনেকের সঙ্গে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে কার কাজ বেশি পছন্দের?

পূর্ণিমা, অপু বিশ্বাস, পপি, নিপুণ, কুসুম শিকদার, বিদ্যা সিনহা মিমসহ অনেকেই খুবই ভালো কাজ করেন। শাবনূর ম্যাডামের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি। তাঁর সঙ্গে যেটুকু কাজ করেছি তাতে মনে হয়েছে, তিনি বিশেষ প্রতিভাবান একজন অভিনয়শিল্পী।

জয়া আহসানের সঙ্গে ‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয় করেছি
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

সহশিল্পী হিসেবে কার সঙ্গে অভিনয়ের ইচ্ছা আছে?

জয়া আহসানের সঙ্গে ‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয় করেছি। এই ধরনের ছবির চেয়ে জয়া আপা বাস্তব জীবন–নির্ভর যে গল্পগুলোতে অভিনয় করেন, সেই চরিত্রগুলো আমাকে মুগ্ধ করে। দুই দেশেই তিনি সমান জনপ্রিয়। আমি হয়তো তাঁর তুলনায় তেমন ভালো অভিনয় করি না। তাঁর সঙ্গে আমার অভিনয়ের খুব ইচ্ছা আছে।

প্রশ্ন :

অভিনয় করতে গিয়ে কোনো সহশিল্পীকে জড়িয়ে গুজব রটেছিল কখনো?

নায়িকাদের জড়িয়ে কোনো গুজব রটেনি। এটা আমি কখনো শুনিনি।

প্রশ্ন :

শুটিংয়ে ফিরবেন কবে?

অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমার শুটিং শেষ করে লকডাউনে বাসায় বসে আছি। কিছু কাছের মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পরে খুব বেশি বাইরে বের হইনি। ‘বীরত্ব’সহ তিনটি সিনেমার শুটিং এখনো অসমাপ্ত। ‘আগামীকাল’ ও ‘সাহসী যোদ্ধা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছু সিনেমা ও ওটিটির কাজ নিয়ে কথা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী মাস থেকে শুটিং শুরু করব।

‘কানামাছি’ সিনেমার শুটিং শেষ করে লকডাউনে বাসায় বসে আছি
ছবি: সংগৃহীত