শ্রোতাদের জন্য সারপ্রাইজ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবিসি রেডিওর অষ্টম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। অন এয়ারের পাশাপাশি অফ এয়ার ও ফেসবুক লাইভে চলবে তারকাদের সঙ্গে আড্ডা। জন্মদিনের আমেজে রাত নয়টায় বিশেষ আয়োজনে থাকছে হৃদয় খান–এর ‘এইচকে শো’। এ নিয়ে কথা হলো সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে।

এবিসির জন্মদিনের ‘এইচকে শো’তে নতুন কী থাকছে?

হৃদয় খান
হৃদয় খান


এটি তো নিয়মিত অনুষ্ঠান। কিন্তু এবিসির জন্মদিন উপলক্ষে আগামীকাল (আজ) আমরা বিশেষভাবে এর আয়োজন করেছি। অনেক তারকা হাজির হবেন আমার অনুষ্ঠানে। তাঁদের নিয়ে অনেক মজা করব। তবে কোন কোন তারকা থাকবেন, তা শ্রোতাদের জন্য সারপ্রাইজ হিসেবেই থাকবে। দুই ঘণ্টার এই অনুষ্ঠান শ্রোতারা আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবেন।

নিয়মিত এই অনুষ্ঠান থেকে আপনার সেরা প্রাপ্তি কী?
সেরা প্রাপ্তি শ্রোতাদের সঙ্গে সংযোগ। ‘এইচকে শো’র মাধ্যমে খুব সহজেই শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। তাঁদের চাওয়া-পাওয়াগুলো জানতে পারি। আমার গানের জন্য এটা খুব কাজে লাগে।

আপনাকে গত বছর অভিনয় করতে দেখা গিয়েছিল। আবার কবে দেখা যাবে?
আর হয়তো দেখা যাবে না। কারণ আমি ওই সময়ই বলেছিলাম, এবারই প্রথম এবং শেষ। তা ছাড়া আমার আসল জায়গা গান। অন্য কিছু নিয়ে আপাতত ভাবছি না। গান নিয়ে তো নিয়মিত ব্যস্ততা আছে
এই প্রজন্মের গান নিয়ে অনেক সিনিয়র শিল্পী কথা বলছেন। কেউ এটাকে প্লাস্টিক মিউজিক, কেউ মেশিন গান বলছেন। এই

প্রজন্মের শিল্পী হিসেবে আপনার মন্তব্য কী?
আসলে গানের পরিবর্তন কিন্তু সারা পৃথিবীতেই হচ্ছে। নতুন যন্ত্রের সঙ্গে প্রযুক্তির সংযোগ ঘটছে। এসব গান কিন্তু শ্রোতারা শুনছেনও। যদি তাঁরা না শুনতেন, তাহলে একটা প্রশ্ন ছিল। সারা পৃথিবী যেভাবে চলছে, তার বাইরে তো আমরা যেতে পারব না।
সাক্ষাৎ​কার: হাবিবুল্লাহ সিদ্দিক