সংগঠন গতিশীল করতে হবে: অলিক

নাটকের পরিচালকদের উদ্বেগ, উৎকণ্ঠা, নির্ঘুম রাত আর অধীর আগ্রহ শেষে ঘোষণা করা হয়েছে ডিরেক্টরস গিল্ডের নির্বাচিত কমিটি। এই ঘোষণার মধ্য দিয়ে নাটকের পরিচালকদের এই সংগঠনের আগামী দুই বছরের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। আজ শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতি কার্যালয়ের সামনে নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এবার দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক। বিজয়ী হওয়ার পর প্রথম আলোর সঙ্গে সাংগঠনিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।
আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নাটকের পরিচালক ভাইয়েরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আবার আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। নতুন নেতৃত্বে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমার প্রতি তাঁরা আস্থা রেখেছেন—এটা আমার অসম্ভব ভালো লাগার অনুভূতি। নাটকের পরিচালকদের কাছে কৃতজ্ঞ।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কী ধরনের পরিবর্তনের স্বপ্ন দেখেন?
আমাদের দেশে অনেক মেধাবী নির্মাতা আছেন, যাঁরা কাজ করার সুযোগ পাচ্ছেন না। টেলিভিশন চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাঁদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এটা অবশ্য আমার একার পক্ষে সম্ভব না, নির্বাহী পরিষদের সবাইকে নিয়ে কাজটা করতে চাই। আমরা অনেক সময় শুনি, নাটক বানানোর পর নির্মাতাদের অনেকে প্রাপ্য সম্মানী পান না, এই বিষয়টা নিশ্চিত করা। নাটকের আরও যেসব সংগঠন আছে, সেগুলোর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা। আমি বিশ্বাস করি, এককভাবে কিছুই করা যায় না। আমাদের আসলে অনেক সমস্যা, তাই তো শুরুতে একটা সভা করে সিদ্ধান্ত নেব, কী করব। গত দুই বছর সংগঠনটাকে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি। এখনো অনেক কাজ অপূর্ণ রয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করা।
সভাপতি হিসেবে যাঁকে সঙ্গী হিসেবে চেয়েছিলেন, তিনি জয়ী হতে পারেননি। এটা আপনার সাংগঠনিক কাজের ক্ষেত্রে ছন্দপতন ঘটাবে?
আমাদের তফসিলে কিন্তু লেখা ছিল, নির্বাচনে কোনো প্যানেল থাকবে না। সবাই নিজের মতো করে নির্বাচন করবে। আমরা সেভাবে নির্বাচন করেছি। নির্বাচন করতে গিয়ে সমমনা কিছু মানুষ এক হওয়ার চেষ্টা করেছি। মানসিকভাবে এক হয়েছিও। সে হিসেবে সংগঠনে কাজ করতে গিয়ে সৈয়দ আওলাদ ভাইকে মিস করব। মোস্তফা কামাল রাজকেও মিস করব। আমরা যারা নির্বাচিত হয়েছি, তার বাইরে যাঁরা জয়ী হতে পারেননি, তাঁদের সবাইকে মিস করব। কারণ, সবাই একটা মিশন এবং ভিশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সবাই মিলে ডিরেক্টরস গিল্ডের এই পরিবার। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনটাকে গতিশীল করতে হবে। বর্তমান নির্বাচিত সভাপতি সালাহউদ্দিন লাভলু ভাইয়ের পরামর্শ নিয়েই কার্যনির্বাহী পরিষদের সবাইকে নিয়ে সংগঠনকে গতিশীল করব।