>

মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য মানাম আহমেদ। এই দলের ‘চাঁদ তারা সূর্য নও তুমি’, ‘ধিকি ধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘হৃদয়হীনা’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুর তাঁর। তবে সম্প্রতি তিনি শুরু করেছেন ‘মানাম আহমেদ ফিচারিং’-এ একক শিল্পীদের নিয়ে কিছু কাজ। তাঁর সুরে সপ্তাহ খানেক আগে আসিফ ও রমার গাওয়া একটি গান ‘কী চাও তুমি’র অডিও ও ভিডিও আপলোড করা হয়েছে। এ বিষয়টি ধরেই তাঁর সঙ্গে কথোপকথন।
‘কী চাও তুমি’ গানটির কেমন সাড়া পেলেন?
খুবই ভালো। ভিডিওটি প্রথম আপলোড করার দুই ঘণ্টার মধ্যে ৫০ হাজার বার দেখা হয়। আর ২৪ ঘণ্টা পর সেটা এক লাখ ছাড়িয়ে যায়। এই গানটির আগে এফএম রেডিওতে রমার আরও দুটি গানের অডিও ছাড়া হয়েছিল—‘দৃষ্টির সীমানায়’ ও ‘উড়ো উড়ো মন’। এই দুটি গানেও ব্যাপক সাড়া পেয়েছি। ইতিমধ্যেই গান দুটির ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই আপলোড করা হবে।
মাইলসের সঙ্গে সম্পৃক্ত বলেই কি আপনাকে ব্যান্ডের বাইরে খুব একটা কাজ করতে দেখা যায় না?
একদম সে জন্য নয়। সংগীত ভালোবাসি বলেই আমি যখন যে কাজ করি, সম্পূর্ণ মনোযোগ দিয়ে করি। ব্যান্ডেও একটা প্যাশন নিয়ে কাজ করি। সেটা ঠিক রেখেই সেশন মিউজিশিয়ান হিসেবে পর্দার আড়ালে থেকেই জনপ্রিয় শিল্পীদের অ্যালবামের সংগীতায়োজন আমি করেছি।
এর মধ্যে উল্লেখযোগ্য কারা?
কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, কনকচাঁপা, আসিফ, রবি চৌধুরী, ডলি সায়ন্তনীসহ অনেক শিল্পীর গানের অ্যালবামে সংগীতায়োজন করেছি। এর বাইরে চলচ্চিত্রের অনেক গানের কাজ করেছি।
দীর্ঘদিন পর আবার এ রকম অ্যালবাম করার বিষয়ে আগ্রহী হওয়ার বিশেষ কোনো কারণ আছে?
সব সময় আমার মনে হয়, সংগীতাঙ্গনে আমার আরও কিছু দেওয়ার আছে। যাঁদের গানের সংগীতায়োজন করেছি, মনে হলো, তাঁদের জন্যও কিছু সুর করা উচিত। তাই বেশ কিছু গান করেছি। এর মধ্যে বাপ্পা মজুমদার ও হৃদয় খানের সঙ্গে রমার গাওয়া দুটি দ্বৈত গান উল্লেখযোগ্য।
সাক্ষাৎকার: কবির বকুল