সকালটাই সুন্দর হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জাকিয়া বারী মম।
জাকিয়া বারী মম।
নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন জাকিয়া বারী মম। তানিম রহমানের স্বপ্নবাড়ি ছবির শুটিং শুরু হবে আগস্টে। পাশাপাশি এখন ঈদের নাটকের কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি। বিভিন্ন প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।

নতুন ছবিতে আপনার সহশিল্পী কে?

যত দূর জানি, এখন পর্যন্ত আমার সঙ্গে মিলন ভাই (আনিসুর রহমান) অভিনয় করবেন। আমরা কিন্তু এর আগে জুটি হয়ে আরেকটি ছবিতে অভিনয় করেছি।

নতুন ছবির গল্পটি কী নিয়ে?

গল্পটি রোমান্স ও সাসপেন্সের।

এখন আপনি কী নিয়ে ব্যস্ত?

নাটক নিয়েই আছি। ঈদের কাজ শুরু হয়ে গেছে।

নিয়মিত অভিনয় করছেন। অন্যের নাটক দেখার সময় পান?

খুব একটা সময় পাই না। সময় পেলে দেখি। মাস ছয়েক আগে ইমোশনাল ফুল নামে একটি নাটক দেখেছি, ভালো লেগেছে। ঈদের সময় দেখা হয় বেশি। তখন নিজের নাটকের বাইরে অন্য অনেকেরও কাজ দেখার চেষ্টা করি।

তা হলে শুটিংয়ের অবসরে কী করেন?

পারিবারিক নানা কাজ থাকে। নিজেকেও সময় দিই। এ সময়ে সবচেয়ে বেশি আড্ডাবাজি হয়। আমি নিজেও বেশ আড্ডাবাজ।

শেষ কোন ছবিটি ভালো লেগেছে?

বাজিরাও মাস্তানি ও পিকু। সময় পেলে বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠানও দেখি। এই যেমন আজ (সোমবার) সকালেও অস্কার দেখার চেষ্টা করলাম।

অস্কার আসরে পছন্দের কেউ পুরস্কৃত হয়েছেন?

অবশ্যই, তিনি আর কেউ নন—লিওনার্দো ডিক্যাপ্রিও। অবশেষে পছন্দের অভিনয়শিল্পীর হাতে অস্কারমূর্তি দেখে শান্তি লেগেছে। বলতে পারেন, সকালটাই সুন্দর হয়ে গেছে।