সচেতনতা সৃষ্টির জন্য এই সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশজুড়ে ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ শুরু করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু হয়েছে এই সম্মেলন। সারা দেশে সংগঠনটির ৭৮টি শাখায় থাকবে এ আয়োজন। সম্মেলনের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
লাইসা আহমদ লিসা
লাইসা আহমদ লিসা

এই সম্মেলনের উদ্দেশ্য কী?
সন্ত্রাসবাদ মোকাবিলায় সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান ক্রমেই হারিয়ে যাচ্ছে। এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এই সম্মেলন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করার কোনো বিশেষ কারণ ছিল?
ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করার কারণ, জানুয়ারি মাসে মৌলবাদীরা সেখানকার সাংস্কৃতিক অঙ্গনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারই প্রতীকী প্রতিবাদ। বৃহস্পতিবার হবে চাঁদপুরের মতলবে। এরপর একে একে সব কটি শাখায় হবে এই অনুষ্ঠান। ২০ বা ২১ অক্টোবর টিএসসির মাঠ কিংবা চারুকলার বকুলতলায় হবে কেন্দ্রের অনুষ্ঠানটি।
সম্মেলনে কী কী আয়োজন থাকছে?
স্থানীয় ও কেন্দ্রের সংস্কৃতিকর্মীরা আলোচনা করছেন। এ ছাড়া থাকছে মৌলবাদবিরোধী কবিতা আবৃত্তি, গান ও নাটক।

আঞ্চলিক অনুষ্ঠানগুলোতে কেন্দ্র থেকে কারা যোগ দিচ্ছেন?
ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্র থেকে আমি ও বেশ কয়েকজন গিয়েছিলাম। সব অঞ্চলে তো যাওয়া সম্ভব নয়। তবে সংগঠনের সভাপতি সন্জীদা খাতুনের একটি লিখিত বাণী প্রতিটি অঞ্চলের সম্মেলনে পাঠ করা হচ্ছে।
কী ধরনের গান থাকছে এই আয়োজনে?
বেশির ভাগই দেশাত্মবোধক গান। আমি ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চকবির দেশপ্রেমের গান করেছি।
সাক্ষাৎকার: রাসেল মাহ্মুদ