>পূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ককপিট। চাঁদের পাহাড়খ্যাত কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ ছবিতে টালিউডের দেবের সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের রোশান। ঢালিউডের পোড়ামন ২ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করার কথা থাকলেও শেষ মুহূর্তে অভিনয় করছেন না তিনি। এসব বিষয় নিয়ে কথা বলেছেন নতুন প্রজন্মের এই নায়ক

সামনে ‘ককপিট’ মুক্তি পাচ্ছে, প্রিমিয়ারে যাবেন না?
এখন পর্যন্ত ছবির প্রিমিয়ারের খবর পাইনি। হবে কি না, তা–ও জানি না। তবে মুক্তির আগে আগে যদি প্রিমিয়ার হয়, তাহলে অবশ্যই আমাকে জানানো হবে। যাওয়ার ইচ্ছা আছে।
ছবির প্রচারণায় আপনাকে দেখা যাচ্ছে না কেন?
আমাকে প্রচার-প্রচারণার জন্য বলা হয়নি। দেব তাঁর মতো করে প্রচার-প্রচারণা করছেন। নিজেকে হাইলাইট করছেন। কিন্তু যখন ছবিটির শুটিং হয়, তখন তিনি বলেছিলেন, সমান গুরুত্ব দেওয়া হবে, প্রচার-প্রচারণাসহ সব জায়গায় আমাকে রাখা হবে। কিন্তু সব কথা রাখেননি দেব।
বাংলাদেশের অভিনয়শিল্পী হিসেবে এখানে আপনাকে কি গুরুত্ব কম দেওয়া হচ্ছে?
ছবির শুটিংয়ের আগে চিত্রনাট্যে আমার চরিত্রটি যেভাবে ছিল, ছবিতে সেভাবেই আছে। কিন্তু ছবির যে টিজারটি বেরিয়েছে, তাতে আমাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যি বলতে, এই ছবিতে যে আমি কাজ করব, জানতামই না।
তাহলে?
এটি তো যৌথ প্রযোজনার ছবি নয়। এটি কলকাতার ছবি, দেবের নিজের ঘরের ছবি। আমি নিজের ইচ্ছায় কাজটি করিনি। জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাইয়ের মাধ্যমে দেব আমাকে অনুরোধ করেছিলেন ছবিটিতে কাজ করতে। এ জন্যই কাজটি করেছি।

‘বেপরোয়া’ ছবির কাজ বন্ধ হয়ে গেল কেন?
এ ছবির কলকাতার পরিচালক ও ফাইট ডিরেক্টরের বাংলাদেশে ওয়ার্কিং ও বিজনেস ভিসা ছিল না। ওয়ার্ক পারমিট নিয়ে ট্যুরিস্ট ভিসায় এখানে কাজ করছিলেন তাঁরা। এর আগেও এখানে এভাবে কাজ করেছেন। তখন সমস্যা হয়নি। এবার পাঁচ দিন কাজ করার পর প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে কলকাতায় ফিরে গিয়ে ওয়ার্কিং ভিসার আবেদন করেছেন তাঁরা। শিগগিরই কাজ শুরু হবে।
ঢাকঢোল পিটিয়ে ‘পোড়ামন ২’-এ নায়ক হিসেবে আপনার নাম ঘোষণা করা হয়েছিল। এখন ছবিতে থাকছেন না কেন?
বেপরোয়া ছবিতে কাজ করছি। এ মাসেই পোড়ামন ২ ছবির শুটিং শুরু হওয়ার কথা। একসঙ্গে দুটি ছবিতে কাজ করা যাবে না। তা ছাড়া আমি বেপরোয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। কারণ, প্রায় ৩ কোটি টাকা বাজেটের ছবি এটি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন