
আজ আরটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে মাসুম শাহরিয়ারের রচনা ও তাইফুর জাহান পরিচালিত নাটক সারাদিন বৃষ্টি জানালা বারান্দা আর ছাদ। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এদিকে সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সাজ্জাদ অভিনীত নতুন চলচ্চিত্র ভালোবাসা এমন হয়। তানিয়া আহমেদ পরিচালিত এই ছবির আগে নাম ছিল গুডমর্নিং লন্ডন। নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে
আজকের নাটকের শুটিংয়ের পুরোটা নাকি বৃষ্টির মধ্যে?
বৃষ্টির মধ্যে নয়। তবে নাটকজুড়ে একটা বৃষ্টির আবহ আনা হয়েছে। পুরো শুটিংয়েই বৃষ্টি ছিল। এটি অবশ্য প্রাকৃতিক নয়, কৃত্রিম বৃষ্টি। কিন্তু নাটকটির গল্প আর নির্মাতার নির্মাণ দুটোই খুব ভালো হয়েছে। আমার বেশ কিছু ভালো কাজের মধ্যে এটি একটি।
নতুন একটি সিনেমা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন। কবে আসছে ছবিটি?
আগামী ২৭ জানুয়ারি মুক্তি পাবে চলচ্চিত্রটি। তবে ছবির নাম গুডমর্নিং লন্ডন থেকে পরিবর্তন করে ভালোবাসা এমন হয় রাখা হয়েছে। ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে লন্ডনে। গল্পও দারুণ।
নাম পরিবর্তনের কারণ কী?
কিছুদিন আগে সেন্সর বোর্ড থেকে নিয়ম করে দেওয়া হয়েছে ছবিতে ইংরেজি নাম ব্যবহার করা যাবে না। এ কারণে পরিচালকসহ ছবি-সংশ্লিষ্ট সবাই বসে এই নাম দিয়েছেন।
আপনি একই সঙ্গে চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করছেন। ভক্তরা তো বিভ্রান্ত হবেন।
(হাসি) একদমই না। আমি একজন অভিনেতা। সব মাধ্যমেই কাজ করতে চাই। আমার চলচ্চিত্র দেখে যদি কেউ আমার ভক্ত হন, তাঁকেও শ্রদ্ধা; নাটকের ভক্তকেও একই রকম ভালোবাসা। কাজটাই আসল মনে হয় আমার কাছে।