সব শ্রেণির শ্রোতাদের সঙ্গে থাকতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রায় এক বছর পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে গাইলেন সংগীতশিল্পী সালমা। কাল শুক্রবার রাতে গাইবেন এশিয়ান টেলিভিশনে। পবিত্র ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া প্রথম রক ঘরানার গানের লিরিক ভিডিও। নতুন করে আবারও সরব হওয়া প্রসঙ্গে গতকাল বুধবার প্রথম আলোর সঙ্গে কথা বলেন এই ক্লোজআপ তারকা।
সালমা
সালমা

এত দিন সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেননি কেন?

শুধু টেলিভিশন কেন, স্টেজ শো, অ্যালবামের কাজও কম করেছিলাম। বাচ্চার দেখাশোনা, নিজের লেখাপড়া, সংসার সব মিলিয়ে ব্যস্ততা ছিল।

এখন কি ব্যস্ততা একটু কমেছে?

তা নয়। ফোনে, ফেসবুক ফ্যানপেজে, দর্শক-ভক্তদের অনুরোধে লাইভে গাইলাম। আমার পক্ষ থেকে এটি তাঁদের জন্য ঈদ উপহার। এ ছাড়া পরপর তিনটি টেলিভিশনে লাইভ করেছি।

এত দিন পর সরাসরি গাইতে কেমন লাগল?

দেশ টিভিতে গাইতে যাওয়ার আগে ফেসবুক পেজে খবরটি দিয়েছিলাম। তারপর অনুষ্ঠানে পছন্দের গান শুনতে প্রচুর ভক্ত-দর্শক ফোন করেছিলেন। সময়ের অভাবে সব অনুরোধ রাখা সম্ভব হয়নি। দর্শকদের সঙ্গে কথা বলে, গান করে খুব ভালো লেগেছে।

‘তোরই চোখে জাদু আছে’ গানটার সাড়া পেলেন কেমন?

ইউটিউবে শুধু লিরিকটা বেরিয়েছে। ভালো সাড়া পাচ্ছি। যে ধরনের গান গেয়ে আমি সালমা হয়েছি, সেগুলো থেকে বেরিয়ে একটু অন্য রকম কাজ করার চেষ্টা করেছি। কিছুদিনের মধ্যে গানটির ভিডিও হবে।

হঠাৎ এ রকম গানে আগ্রহী হলেন কেন?

মনে হলো, আমি নিজে তরুণ, তরুণদের জন্য কিছু গান করি। এখন থেকে নিয়মিত এ রকম কিছু কাজ করতে চাই। সব শ্রেণির শ্রোতাদের সঙ্গে থাকতে চাই। আরও দুটি আধুনিক গান করছি। মাসখানেকের মধ্যে দেশের বাইরে গান দুটির ভিডিওর শুটিং। ‘আশায় আশায় মনের খাঁচায়’ নামে একটি গানের ভিডিও শুটিং কিছুদিন আগে হয়েছে। শিগগির ইউটিউবে মুক্তি পাবে।

লেখাপড়ার কথা বলছিলেন। কী পড়ছেন?

অনলাইনে পড়ছি, যুক্তরাজ্যের বিপিপি ইউনিভার্সিটিতে। শেষ করতে আরও বছর দেড়েক লাগবে। তারপর বার অ্যাট ল পড়তে যাওয়ার ইচ্ছা।

 সাক্ষাৎকার: শফিক আল মামুন