সবই মিলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট পর্দায় তাঁর অভিনয়জীবন পাঁচ বছর হতে চলল। এর মধ্যে অভিষেক ঘটেছে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে। এবার বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তাসনিয়া ফারিণ-এর। কলকাতার অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী চলচ্চিত্রের শুটিং ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে।

প্রশ্ন :

অভিনন্দন।

ধন্যবাদ।

তাসনিয়া ফারিণ

প্রশ্ন :

এর আগেও বড় পর্দায় একাধিকবার কাজের খবরের প্রস্তাব শুনেছিলাম।

হ্যাঁ, ব্যাটে–বলে মিলছিল না। এটা মিলে তো ওটা মেলে না। তবে আরও এক পৃথিবীর ক্ষেত্রে সব দিক দিয়ে মিলে গেছে। শতভাগ মিলে গেছে। মন থেকে আমি যেমনটা চাইতাম, এই গল্পটা মনে হয় কাস্টমাইজ করে সাজিয়ে আমার কাছে নিয়ে এসেছে। মনে মনে আমি যখন ভাবছিলাম, তার ঠিক কদিন পরই ফোন আসে। আমি ভাবছিলাম এ রকম একটা ছবি যদি করতে পারি, কেমন হয়। সবকিছু মিলে যখন ফোন আসল, আমিও অবাক হলাম, ভাবলাম, মন থেকে কিছু চাইলে যে পাওয়া হয়, সেটার আবার প্রমাণ পেলাম (হা হা হা)।

প্রশ্ন :

কী ভেবেছিলেন?

কোনো বিশেষ ধারা বা অন্য কিছু ভাবিনি। আমি ভেবেছিলাম, একটা ছবি যেখানে অভিনয় করার স্কোপ থাকবে বা নিজেকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করতে পারব বা আমার চরিত্রটাকে দেখে হয়তো দর্শকের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এই ছবির ক্ষেত্রে সবই মিলে গেছে।

তাসনিয়া ফারিণ

প্রশ্ন :

চরিত্রটার কতটা চ্যালেঞ্জ?

পুরোটাই চ্যালেঞ্জ। আমি তো আজ পর্যন্ত কখনোই বাংলাদেশের বাইরে কাজ করি নাই। চরিত্রটা অনেক স্টাডি করতে হচ্ছে। ভৌগোলিক অবস্থান থেকে আমাদের পাশাপাশি দেশ, অনেক কিছু মেলে আবার অনেক কিছুই মেলে না। এই কারণে আসলে কলকাতায় গিয়েছিলাম। অতনু দার সঙ্গে বসে ছবির বিষয়টা নিয়ে ডিসকাস করা বা ওই জীবনটাকে স্টাডি করেছি।

প্রশ্ন :

কবে যাচ্ছেন?

১৭ মে। ফিরব জুন মাসের সেকেন্ড উইক।

প্রশ্ন :

শুধুই শুটিং নাকি অন্য কোনো পরিকল্পনাও আছে?

আমি অলরেডি এখানে একটা ওয়েব সিরিজের শুটিং করছি। ১৬ তারিখ পর্যন্ত কাজ। এটা শেষ করে যেতে হচ্ছে। এরপর অন্য কাজের শিডিউল আছে।

প্রশ্ন :

লন্ডনে আগে কখনো গিয়েছিলেন?

আমি এশিয়ার বাইরে কোথাও যাইনি। যদিও ঘুরতে পারব না—একটু...যাই হোক (হাসি)।

তাসনিয়া ফারিণ

প্রশ্ন :

সিনেমায় কাজের খবরে মা–বাবা কী বলেন?

বাবা প্রথমে একটু নিমরাজি ছিল। এই অঙ্গন সম্পর্কে খুব একটা ধারণাও নেই। তাই আমার বাবার ধারণা ছিল, সিনেমা মানেই হয়তো সেই সব ফর্মুলা টাইপ কিছু। আমার বাবা তাই বলছিল, তুমি নাটকে কাজ করছ ঠিক আছে, কিন্তু সিনেমায় কি দরকার। এই...সেই। এরপর আমি বুঝিয়ে বলার পর আর কিছু বলেনি।

প্রশ্ন :

আর মা...

আমি ছবিটি নিয়ে কথা বলতে ১২ দিন কলকাতায় ছিলাম। মা সঙ্গেই ছিলেন। তিনি এমনিতে খুব একটা কিছু বলেন না। সবাই যখন রোজার ঈদের কাজ করছিল, আমি তখন ছবির মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তাই রোজার ঈদে খুব বেশি নাটকের কাজও করতে পারিনি।

প্রশ্ন :

শুটিংয়ের সঙ্গী কি তাহলে মা হচ্ছেন?

এটার ভিসা একটু কমপ্লিকেটেড। একাই যেতে হচ্ছে।

প্রশ্ন :

অতনু ঘোষের কোনো সিনেমা দেখা হয়েছিল?

জয়া আপুকে (জয়া আহসান) নিয়ে বানানো ‌'রবিবার' দেখেছি। ‌'ময়ূরাক্ষী' খুবই ভালো লেগেছিল। তাঁর মতো একজন পরিচালক আমাকে হুট করে কাজে ডাকবেন, সেটাও আনএক্সপেক্টেড ছিল। আমার লেডিস অ্যান্ড জেন্টলম্যান–এর ক্রেডিটটা এখানে অনেক। ওইটার কারণেই আসলে আমি ডাক পাই। এইবার যখন ইন্ডিয়া গেলাম, ওদের সাধারণ দর্শক অনেকের সঙ্গে রাস্তাঘাটে বা শপিং মলে দেখা হয়েছে। তাদের মোস্ট অব দেম স লেডিস অ্যান্ড জেন্টলম্যান। কলকাতায় গিয়ে বুঝেছি, বাংলাদেশের কাজের ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে। এবং সেটা যে বেশ স্ট্রং তার প্রমাণ পেয়েছি।