সবকিছু জেনেশুনেই সে আমার কাছে এসেছে
বিয়ে করেছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী নিলয় আলমগীর। সাম্প্রতিক কাজ, বিয়েসহ নানা বিষয়ে কথা বললেন তিনি।
প্রশ্ন :
অভিনন্দন।
ধন্যবাদ।
প্রশ্ন :
হানিমুনে যাবেন না?
কাল (আজ) সকালেই যাচ্ছি। বাইরে যাওয়া হচ্ছে না। দেশের ভেতরেই ঘুরে আসব দুজন।
প্রশ্ন :
আপনার স্ত্রী কি মিডিয়ায় কাজ করেন?
না, তিনি পড়াশোনা করছেন। পাশাপাশি একটি সমাজসেবামূলক সংস্থার হয়ে কাজ করছেন।
প্রশ্ন :
শুটিংয়ের কাজ শুরু করেছেন?
ঈদের পর তিন দিনের একটা জরুরি শুটিং ছিল। একটা ধারাবাহিক নাটক চলমান, সেটার কাজই করতে হলো। এরপর আবার ২৪ তারিখে হয়তো শুটিং শুরু করব।
প্রশ্ন :
আপনাকে অনেক দিন একই রকম কাজে দেখা যাচ্ছে। অন্য রকম কিছু করতে ইচ্ছা করে না?
আমরা যারা নাটকে কাজ করি, তাদের বিশেষ কাজ বলতে ঈদ বা ভ্যালেন্টাইনে করা এক পর্বের নাটকগুলোই। এ ছাড়া বিশেষ কিছু নেই, করার মতো তাগাদাও অনুভব করি না।
প্রশ্ন :
সম্প্রতি কী কী দেখলেন?
বাংলা মহানগর, ঊনলৌকিক, বাইরের, যেমন নেটফ্লিক্সের পিকি ব্লাইন্ডার, প্রিজন ব্রেক, ডার্কসহ আরও বেশ কিছু দেখেছি, ভালো লেগেছে।
প্রশ্ন :
আপনি তো টিকটক তারকা হয়ে উঠেছেন!
এটা আমার কাছে একটা ফান। শুটিংয়ের ফাঁকে একটু দম নেওয়ার জন্য টিকটকের ভিডিও করি। আমাদের কাছে এটা একরকম বিনোদন বলতে পারেন। এটাকে অনেকে পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলিও দেখে। অনেকে আবার মিসইউজও করে। করোনায়
প্রশ্ন :
গত দুটো বছর কেমন কাটল?
সবার জীবনই বেশ খারাপ গেছে। কী করছি, কেন করছি, কিসের পেছনে দৌড়াচ্ছি—সেসব ভাবতে ভুলে গিয়েছিলাম। একা থেকে একটু নিজেকে সময় দেওয়ার সুযোগ হয়েছিল। অনেকের মেন্টাল হেলথ খারাপ হয়ে গিয়েছিল। অনেকে হতাশ হয়ে পড়েছিল। আমি পজিটিভলি সময়টা পার করেছি।
প্রশ্ন :
ফেসবুক ফ্রেন্ডদের ওপর বিরক্ত হয়ে পোস্ট দিয়েছিলেন, নাকি মজা করলেন?
বুলিং একটা সিরিয়াস ইস্যু। বিয়ের মতো বৈধ কাজেও যদি বুলিংয়ের শিকার হতে হয়, সেটা কারও ভালো লাগবে না। অনেকেই আমাকে ফোন করেছিলেন। আমি স্ট্যাটাস দিয়েছি, কিন্তু গায়ে মাখছি না। কিন্তু এটা নিয়ে মানুষের ভাবা উচিত যে এসব মন্তব্য মানুষকে কষ্ট দেয়। আমার স্ত্রী জানে সব, সবকিছু জেনেশুনেই সে আমার কাছে এসেছে।
প্রশ্ন :
আপনি ও শখ জনপ্রিয় জুটি ছিলেন। বিয়ের ঘটনায় সেটাও অনেকের মনে পড়ে গেছে। নেতিবাচক মন্তব্যের সেটাও কি কারণ?
না। ২০১৭ সালের পরই যদি বিয়ে করতাম, তাহলে এ রকম মন্তব্য করলে মেনে নিতাম। হেটাররা বাজে কমেন্ট করে মজা পায়। অন্যের খারাপ লাগতে পারে, এসব তারা ভাবে না।
প্রশ্ন :
ছাড়াছাড়ির পরও আমির খান স্ত্রীর সঙ্গে কাজের সম্পর্ক বজায় রেখেছেন। সহকর্মী শখের সঙ্গে আপনার যোগাযোগ নেই?
না। ২০১৭ সালের পর থেকে কোনো প্রকার যোগাযোগ নেই। কোথাও দেখাও হয়নি। পত্রিকায় পড়েছি সে বিয়ে করেছে, সন্তানসম্ভবা। প্রত্যেকের নিজের জীবন আছে, সেটা তারা নিজের মতো করে এগিয়ে নেবে, সেটাই স্বাভাবিক।
প্রশ্ন :
একসঙ্গে আবার কাজের অফার এলে করবেন?
না