সবকিছুরই একটা পরিবর্তন দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজরী বরকতউল্লাহ
বিজরী বরকতউল্লাহ

আজ থেকে বৈশাখী টেলিভিশনে রাত সাড়ে ১১টায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গন্তব্য নিরুদ্দেশ। পান্থ শাহ্রিয়ারের রচনা ও রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ।
নতুন ধারাবাহিকে অভিনয়সহ এ অভিনেত্রী কথা বলেছেন নানান বিষয় নিয়ে।
‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিকটি কেমন হবে?
এটার শুটিং হয়েছে এ বছরের জানুয়ারিতে। পুরো শুটিংটাই থাইল্যান্ডের পাতায়ায় হয়েছে। অল্প কিছু কাজ হবে দেশে। আমরা ৫২ পর্বের শুটিং করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এর গল্পটা অনেক ভালো। গল্পের প্রয়োজনেই শুটিংটা দেশের বাইরে করা। মজার ব্যাপার হলো, পুরো ধারাবাহিকে আমরা আটজন অভিনয়শিল্পী। তাই আমাদের ওপর শুরু থেকেই একটা চাপ ছিল।
ধারাবাহিকের গল্পটা কেমন?
পুরো গল্প তো এখনই বলা যাবে না। শুধু আমার চরিত্রটা নিয়ে একটু বলি, আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ড যাই এবং সেখানে গিয়ে একটা বাসায় কেয়ারটেকারের কাজ করি। ধীরে ধীরে আমার উদ্দেশ্যটা বোঝা যাবে।
ইদানীং আপনাকে অভিনয়ে কম দেখা যায়...
কম দেখা যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। কয়টা বলব? প্রথমত, এখন যেসব স্ক্রিপ্ট হাতে পাই, সেগুলো এতটাই বাজে যে পড়ার পর আর অভিনয়ের আগ্রহ থাকে না। দ্বিতীয়ত, বেশির ভাগ কাজই খুব অগোছালো হয়। তৃতীয় ব্যাপারটা সম্মানীর। সবকিছু মিলিয়ে আমাদের এখন আর কাজের পরিবেশ নেই। এ কারণেই একটু দূরে আছি। তবে এর মধ্যে কিছু পরিচালক অনেক ভালো কাজ করছেন। আর উৎসবকেন্দ্রিক কিছু ভালো কাজ হচ্ছে।
কিন্তু দর্শক তো আপনাদের অভিনয় দেখার অপেক্ষায় থাকেন?
দর্শক কি আছেন? আমাদের সব চ্যানেলে প্রায় একই রকম অনুষ্ঠান প্রচারিত হয়। আর বিজ্ঞাপনের যন্ত্রণা তো আছেই। এই একঘেয়ে যন্ত্রণা থেকে দর্শক মনে হয় মুখ ফিরিয়ে নিয়েছেন। মূল ব্যাপার হলো সবকিছুরই একটা পরিবর্তন দরকার। তা না হলে এভাবে সামনে এগোনো যাবে না।