>বছর শেষ হতে চলল। সবাই বিদায়ী বছরের হিসাব-নিকাশ মেলাতে বসেছেন। তবে শাকিব খান এখনো বুঁদ তাঁর সাম্প্রতিক সব কাজ নিয়ে। সেই বছরের শুরু থেকেই এ অভিনেতার ছবি কিছু সময় বিরতি দিয়ে দিয়ে মুক্তি পাচ্ছে। এই যেমন গত শুক্রবার মুক্তি পেল তাঁর ধূমকেতু ছবিটি। পাশাপাশি সম্প্রতি তাঁর নতুন ছবি মিশন অগ্নিপথ-এর প্রথম ঝলকও দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়। এখন শাকিব আছেন ভারতের কলকাতায়, যৌথ প্রযোজনার ছবি নবাব-এর শুটিংয়ে। একের পর এক সিনেমা নিয়েই ব্যস্ত থাকা এ অভিনেতাকে তাই এ জগৎ নিয়েই কিছু প্রশ্ন করা হলো এবার—

ভারতে বসে নতুন ছবি ‘ধূমকেতু’ নিয়ে কী ধরনের খবর পাচ্ছেন?
ছবিটি মুক্তির আগে থেকেই বাংলাদেশের বাইরে আমি। তাই এর প্রচার-প্রচারণায় যুক্ত হওয়ার সুযোগ পাইনি। তা ছাড়া আমি সব সময়ই একটা কাজ করি, আমার ছবি যেদিন মুক্তি পায়, সেদিন ঢাকার সব কটি প্রেক্ষাগৃহ গোপনে সফর করি। এবার তা করতে পারিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মুঠোফোনে পরিচিত অনেকের কাছ থেকেই ছবির ভালো খবর পাচ্ছি।
‘নবাব’ ছবির শুটিং কেমন চলছে?
অর্ধেক কাজ তো হয়েই গেল। প্রায় দুই সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন স্থানে কাজ হচ্ছে। মাঝে কয়েক দিন বিরতি দিয়ে বোলপুরে শুটিং হবে। চলতি মাসের শেষের দিকে ছবির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা আছে।
আগেই ঘোষণা দিয়েছেন এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছেন না। যাঁরা নির্বাচন করছেন, তাঁদের নিয়ে কতটুকু আশাবাদী আপনি?
এখন পর্যন্ত শুনছি, ওমর সানী-ফেরদৌস ও মিশা সওদাগর-জায়েদ খান—এই দুটি প্যানেল নির্বাচন করবে। নির্বাচনের দেরি আছে এখানো। পরে আরও দু–একজন হয়তো স্বতন্ত্র প্রার্থী হলেও হতে পারেন। তবে এখন পর্যন্ত যাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন, তাঁরা সবাই চলচ্চিত্রের মঙ্গল চান বলেই আমি জানি। তবে ব্যক্তিগতভাবে আমি নিজে কোনো প্যানেলকে সমর্থন দিচ্ছি না। যাঁরাই নির্বাচিত হয়ে আসবেন, তাঁদের সঙ্গে থেকে কাজ করতে চাই।
সাক্ষাৎকার: শফিক আল মামুন