সবাই বন্ধুর মতো কাজ করেছি
>আজ শেষ হচ্ছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। উৎসব ও অন্যান্য বিষয় নিয়ে কথা হলো উৎসব পরিচালক আবীর ফেরদৌস–এর সঙ্গে।

এবার প্রথম উৎসব পরিচালক হলেন, অভিজ্ঞতা কেমন?
আমি দ্বিতীয় উৎসব থেকেই এর সঙ্গে যুক্ত আছি। কিন্তু এত বড় দায়িত্ব পেয়ে যাব, এটা কখনো চিন্তা করিনি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে গেছি। ভালো লাগা আছেই, তার সঙ্গে অনেক চিন্তাও ছিল। উৎসবজুড়ে বড়দের সবার সহযোগিতা ভালো লেগেছে। উৎসবকে ঘিরে আমাদের একটি দল হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে বেশ আনন্দ করে কাজ করি। বন্ধুর মতো আমরা কাজ করেছি।
উৎসব আয়োজনে কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন?
আসলে অনেক বড় একটি উৎসব এটি। শুধু ঢাকা নয়, এর বাইরেও হচ্ছে। প্রথম সমস্যা হলো অর্থনৈতিক। করপোরেট প্রতিষ্ঠানগুলো শিশুদের বিষয়টি বুঝতে চায় না। তবে সরকার সহযোগিতা করছে।
চলচ্চিত্র নির্মাতা তৈরিতে এই উৎসবের কতটুকু গুরুত্ব আছে বলে মনে করেন?
গুরুত্ব অবশ্যই আছে। কারণ, শুরুতে আমরা যাঁরা জড়িত ছিলাম, তাঁরা অনেকেই এখন চলচ্চিত্রকে পেশা হিসেবে নিয়েছি। শিশুদের মধ্যে চলচ্চিত্রকে পেশা হিসেবে নেওয়ার একটা প্রবণতা তৈরি করছে উৎসবটি।
পাঠ্যসূচিতে চলচ্চিত্রবিষয়ক কোনো কিছু থাকা উচিত বলে মনে করেন?
আমাদের কিন্তু বেশ কিছু ব্যবহারিক শিক্ষা আছে। যেমন শারীরিক শিক্ষা, চারু-কারু আছে। এখন কিন্তু সবকিছুই অনেক বেশি ভিডিওভিত্তিক। ভিডিও অনেক শক্তিশালী একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে চলচ্চিত্রের ব্যবহারিক দিকগুলো শেখানো যেতে পারে।
উৎসব নিয়ে স্বপ্ন কী?
শিশু চলচ্চিত্র উৎসবকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব হিসেবে তুলে ধরতে চাই।
সাক্ষাৎকার: শরীফ নাসরুল্লাহ