>গত শুক্রবার কলকাতার গোটা ত্রিশেক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র ষড়রিপু। এই ছবিতে তাঁর সহশিল্পী ইন্দ্রনীল সেনগুপ্ত ও রজতাভ দত্ত। ছবি মুক্তির আগে ও পরে কলকাতার বিভিন্ন রেডিও-টেলিভিশন চ্যানেলে ছবির প্রচারে কয়েক দিন ব্যস্ত সময় পার করেছেন তিনি। সোমবার রাতে ঢাকায় ফিরেছেন সাবা। গতকাল সকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেন তিনি।

কলকাতায় ‘ষড়রিপু’ মুক্তি পেল। মুক্তির আগে ও পরে আপনি সেখানে ছিলেন। অভিজ্ঞতা বলুন।
আমি এখনো স্বপ্নের মধ্যে আছি। বাংলাদেশের লোকজন আমাকে চিনবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এবার তো কলকাতার রাস্তায় বের হয়ে দেখলাম, সেখানকার লোকেও আমাকে চিনছেন! কথা বলছেন। অটোগ্রাফ নিচ্ছেন। সেলফি তুলছেন। কলকাতা গেলেই আমি সাউথ সিটি এলাকায় খালার বাড়িতে থাকি। এবার খালার বাড়ির সবাই একটু অন্য রকমভাবে দেখেছেন আমাকে। পুরো ব্যাপারটি আমি দারুণ উপভোগ করেছি।
কলকাতার পত্রপত্রিকায় দেখলাম, আপনাকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে। কেমন লাগছে?
শুটিং করার সময়ই টের পেয়েছিলাম, সিনেমাটা ভালো হবে। এতটা আলোচনায় আসবে, তা ধারণায় ছিল না। পুরো ছবিতে আমাকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে। লোকজন ছবিটি উপভোগও করেছেন। কলকাতার চেনাজানা লোকেরা তো আমাকে ‘হট কেক’ বলা শুরু করেছেন!
‘হট কেক’ বলার কারণ কী?
টালিউডে ষড়রিপু আমার প্রথম ছবি। শুরু থেকেই ছবিটি নিয়ে বেশ আলোচনা ছিল। সবাই ছবিটি দেখছেন। ব্যবসাও করছে। আমি তো এমনও শুনেছি, সবাই বলছেন সাবা বাজিমাত করেছে। বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। কলকাতার অনেক পরিচালক তাঁদের পরবর্তী ছবিগুলোতে আমাকে নিয়ে কাজ করতে চাইছেন। গত কয়েক দিনে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। কিছুদিনের মধ্যে সবাইকে দারুণ কিছু খবর দিতে পারব।
সবাই বলছেন, ‘ষড়রিপু’তে আপনাকে অনেক আবেদনময়ী নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে?
আমার চরিত্রটি এই ছবিতে এমন। ছবিতে আমার চরিত্রের নাম রাকা চৌধুরী, যে তার রূপ-সৌন্দর্যকে কাজে লাগিয়ে বহু ঘটনা ঘটিয়ে যায়। এ ধরনের চরিত্র যেকোনো অভিনয়শিল্পীর জন্যই খুব লোভনীয়।
ঈদের কাজের খবর বলুন?
আমি দীপ্ত টিভির একটি সিরিয়ালে অভিনয় করছি। নাম খেলাঘর। এর বাইরে অন্য কোনো কাজের জন্য সময় বের করা সম্ভব হয়নি।
সাক্ষাৎকার: মনজুর কাদের