সবাইকে অ্যাকোয়েস্টিকে ফিরতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজেন্দ্রনারায়ণ মজুমদার
তেজেন্দ্রনারায়ণ মজুমদার
‘সংগীত-অবয়ব’ শীর্ষক সেতার ও সরোদ কর্মশালার শেষ দিন আজ। ৩ অক্টোবর শুরু হয় বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ এ আয়োজন। এই কর্মশালা ও উচ্চাঙ্গসংগীতের নানা বিষয় নিয়ে কথা বলেছেন কর্মশালা পরিচালনাকারী দুই পণ্ডিতের একজন পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার

সরোদের শিক্ষার্থীদের আগ্রহ কেমন?

প্রথম দিকে অংশগ্রহণকারী এবং তাদের উৎসাহ যতটা ছিল, পরে দুই-ই বেড়েছে। শুরুতে ওদের মধ্যে একটা ভয় কাজ করেছিল। পরে সেটা কেটে গেছে। উচ্চাঙ্গসংগীতে এদের অসম্ভব ক্ষুধা। এমন অনেকে এসেছে, যারা এই কর্মশালার মধ্য দিয়েই সরোদ হাতে তুলে নিয়েছে।
উচ্চাঙ্গসংগীত শিক্ষার ভবিষ্যৎ কী?
বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। শিল্পকলা একাডেমী এমন অনেককেই এই প্রতিষ্ঠানে যুক্ত করেছে। ভবিষ্যতে বেঙ্গলও করবে। যারা শিখছে, সবাই পণ্ডিত হতে পারবে, তা নয়। তবে লেগে থাকলে একটা স্তর পর্যন্ত পৌঁছাতে পারবে।
ডিজিটাল সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের যুগে অ্যাকোয়েস্টিক শেখা কতটা কাজে দেবে?
কি-বোর্ডের স্যাম্পল মিউজিক দিয়ে শেষ পর্যন্ত বেশি দূর এগোনো যাবে না। শিগগিরই সবাইকে অ্যাকোয়েস্টিকে ফিরতেই হবে। পাশ্চাত্যের সাউন্ড ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে ফিরেছেন। ২৫টি বেহালা, ৩টি চেলো নিয়ে বসে রেকর্ডিং করেন না তাঁরা?
সংগীত-অবয়ব কর্মশালা নিয়ে পর্যবেক্ষণ কী?
দেশের সংগীতপিপাসুদের জন্য বেঙ্গল ফাউন্ডেশন অনেক বড় একটি কাজ করছে। বিনা মূল্যে উচ্চাঙ্গসংগীতের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমি নিয়মিত শেখাতে আসব।

সাক্ষাৎকার: রাসেল মাহমুদ