সবাইকে বাঁধতে চেয়েছি একই বন্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীতে এখন চলছে নাটকের দল ‘বটতলা’-এর নাট্যোৎসব। উৎসব নিয়ে কথা বলেছেন দলের অন্যতম কর্ণধার সামিনা লুৎফা।

সামিনা লুৎফা
সামিনা লুৎফা

উৎসব নিয়ে একপ্রস্থ
বটতলার ছয় বছর পূর্তি উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ‘বটতলা রঙ্গমেলা’ শিরোনামে সাত দিনব্যাপী একটি আন্তর্জাতিক নাট্যোৎসব করছি আমরা। এখন প্রতিদিনই কাটছে উৎসবের ব্যস্ততায়। এটি শেষ হবে ৩১ অক্টোবর। উৎসব উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় একে একে আরণ্যক নাট্যদল, নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, প্রচ্যনাট, থিয়েট্রেক্স ও বটতলা তাদের প্রযোজনা মঞ্চস্থ করছে। উৎসবের শেষ দিনে আছে কলকাতার বহরমপুরের নাট্যদল রঙ্গাশ্রমের প্রযোজনা ও যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী কাইউইলানি লীর পারফরম্যান্স। নাটক ছাড়াও শিল্পকলার খোলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে গান, পাপেট, মাইম ও বিভিন্ন পারফরম্যান্স। তা ছাড়া কাইউইলানি লীর তত্ত্বাবধানে শিল্পকলা একাডেমীর সঙ্গে যৌথভাবে ‘প্লে রাইট অ্যাক্টিভিস্ট ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালারও আয়োজন করেছি আমরা। নানা কিছুর সমন্বয়ে এই উৎসবে আমাদের স্লোগান, ‘ছড়াই স্বপ্নবীজ আকাশতলে।’
উৎসব ও নতুন নাটক
এ বছর ঢাকার মঞ্চে নতুন নাটক নেমেছে উনিশটি। উৎসবের উদ্বোধনের সঙ্গে আমরা যুক্ত করতে চেয়েছি এই উনিশ নাটকের নাট্যকার, নির্দেশক ও ডিজাইনারদের। এর মধ্য দিয়ে আমরা আসলে উদ্যাপন করতে চেয়েছি এ বছর মঞ্চে আসা সব নতুন প্রযোজনাকেও, সবাইকে বাঁধতে চেয়েছি একই বন্ধনে।
এবং বটতলা
উৎসবের পরপরই আসছে নভেম্বরে খনা নিয়ে ভারতে যাব আমরা। এরপর ডিসেম্বরে শুরু হবে দলের নতুন প্রযোজনার কাজ। আর এখন খনা ছাড়াও আমাদের দলের সাম্প্রতিক প্রযোজনা দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া-এরও নিয়মিত প্রদর্শনী চলছে।
নিজের ভুবন
আমার ভুবন এখন শুধু অভিনয়কে ঘিরে। খনা ও দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া নাটকের বেশ কয়েকটি চরিত্রে এখন চুটিয়ে অভিনয় করছি আমি। লেখালেখির কাজ তাই আপাতত বন্ধ। তবে ভেতরে ভেতরে নতুন নাটক লেখার প্রস্তুতি চলছে—দেশের সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে কিছুদিনের মধ্যেই হয়তো নতুন মঞ্চনাটক লেখায় হাত দেব আমি।