সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>উৎসবমুখর পরিবেশে হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের প্রথম নির্বাচন। সহকর্মী অভিনয়শিল্পীদের ভোটে সভাপতি হয়েছেন শহিদুল আলম সাচ্চু। সংগঠন নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও অন্যান্য প্রসঙ্গে গতকাল কথা বললেন প্রথম আলোর সঙ্গে।
শহিদুল আলম সাচ্চু
শহিদুল আলম সাচ্চু

অভিনন্দন আপনাকে।
সব সময় শিল্পীদের পাশে থাকার জন্য প্রথম আলোকেও ধন্যবাদ। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান শিল্পীদের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা করছি।
২০০২ সালে অভিনয়শিল্পী সংঘ গঠিত হয়। এত বছর পর নির্বাচন হলো!
আহ্বায়ক কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরাই নির্বাচনের প্রয়োজন অনুভব করেছেন। আমি নিজেও নির্বাচনের পক্ষে ছিলাম না। এরপরও যখন সবাই মিলে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলো, তখন অংশগ্রহণ করলাম। আমি অভিভূত যে শিল্পীরা আমাকে নির্বাচন করেছেন। এখন সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই।
নতুন কমিটির কার্যক্রম শুরু হবে কবে?
মাত্র তো নির্বাচন হলো। শুনেছি ১৩ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আমাদের কমিটি শুরুতে নতুন একটি গঠনতন্ত্র করার দিকে জোর দেবে। শিল্পীদের সঠিকভাবে নিবন্ধনের কাজটিও করব। নিয়মিত সাধারণ সভা হবে। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিল্পীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে কমিটির সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করা হবে।
অভিনয়শিল্পী সংঘ নিয়ে কী স্বপ্ন দেখেন?
স্বপ্ন দেখি, এটি বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি সংগঠন হিসেবে মাথা তুলে দাঁড়াবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে অভিনয়শিল্পীদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। অভিনয়শিল্পীরাও সবাই শৃঙ্খলার মধ্যে থাকবেন। এই সংগঠনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নও দেখি।
আপনার অভিনয়ের খবর বলুন।
নীল ফড়িং নামের একটি সিনেমার কাজ করছি। আমার সঙ্গে আছেন চম্পা। খুব শিগগির আরেকটি সিনেমার শুটিংয়ে দেশের বাইরে যাব।

সাক্ষাৎকার: মনজুর কাদের