সবার মন ছুঁয়ে যাবে 'ঘাসফুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দুই ধরনের দুটি ছবি মুক্তি পাচ্ছে আজ। ইফতেখার চৌধুরী পরিচালিত অ্যাকশন জেসমিন ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। অন্যদিকে আকরাম খান পরিচালিত ঘাসফুল ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শায়লা সাবিকে। দুই অভিনেত্রীই নিজ নিজ সিনেমা নিয়ে আশাবাদী। প্রত্যাশা করেন, তাঁদের ছবি দেখতে হলমুখী হবে দর্শক। এসব নিয়েই দুই চলচ্চিত্রের দুই নায়িকা কথা বললেন
শায়লা সাবি ছবি: সংগৃহীত
শায়লা সাবি ছবি: সংগৃহীত

‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা দিয়ে শুরু। নাচ থেকে অভিনয়ে নাম লেখালেন কেন?
এটা হুট করেই হয়ে গেছে। ২০১২ সালের ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ অনুষ্ঠানে আমাদের বিচারক ছিলেন অভিনেতা ফেরদৌস। একদিন তিনি জানতে চাইলেন, আমি সিনেমায় অভিনয় করতে চাই কি না। আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। তারপর জানতে চাইলেন, নায়ক হিসেবে কাকে চাই? আমি তাঁর নাম বলেছিলাম। মজার ব্যাপার হলো, আমার প্রথম ছবি প্রিয়া তুমি সুখী হও সিনেমার নায়ক ছিলেন ফেরদৌস ভাইয়া।
সে হিসেবে ‘ঘাসফুল’ আপনার দ্বিতীয় ছবি...
হ্যাঁ। ঘাসফুল সিনেমার গল্পটা অসাধারণ। ছবিটির প্রতি পরিচালক আকরাম খানের যত্নটাও ছিল দেখার মতো। অনেক মমতা দিয়ে এটি নির্মাণ করেছেন তিনি। ২০১৩ সালের শেষ দিকে কুষ্টিয়ায় ছবির কাজ শুরু হয়। আমরা অনেক দিন একসঙ্গে থেকেছি, মজা করেছি।
এই ছবি দেখতে কেন দর্শক সিনেমা হলে আসবে?
একটা কথা বলতে পারি, যাঁরা পরিবারের সঙ্গে বসে একটা ভালো ছবি দেখতে চান, তাঁরা নির্দ্বিধায় হলে আসতে পারেন। একটা পরিচ্ছন্ন ও সুন্দর গল্পের ছবি দেখতে হলে ঘাসফুল দেখতে হবে। এটুকু বলব, সবার মন ছুঁয়ে যাবে ঘাসফুল।
এখন ব্যস্ততা কেমন?
তিনটি ধারাবাহিকে কাজ করছি। এর মধ্যে দুটি প্রচারিত হচ্ছে। আরেকটি প্রচারের অপেক্ষায়। আর খণ্ডনাটক তো নিয়মিতই করছি। নাচের অনুষ্ঠানগুলোয় অংশ নিচ্ছি। সেই সঙ্গে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি।