সম্মাননা অনুপ্রাণিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-দ্য ডেইলি স্টার আয়োজিত ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশের তরুণ প্রতিভাবান গীতিকার, নির্মাতা ও আলোকচিত্রীকে তুলে আনা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। পাশাপাশি গুণীজনদেরও সম্মানিত করা হয়। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, সুরস্রষ্টা আলাউদ্দীন আলী ও অভিনেত্রী ববিতা। প্রথম আলোর সঙ্গে গতকাল কথা বলেছেন তাঁরা তিনজন।
ববিতা
ববিতা

‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’-এ আজীবন সম্মাননা পাওয়ার বিষয়টি যখন জানতে পেরেছেন, তখন কেমন লেগেছে?
আফজাল এইচ চৌধুরী: খুবই ভালো লেগেছে। আমাকে এখন পর্যন্ত চলচ্চিত্রশিল্প কোনো স্বীকৃতি দেয়নি। এ দেশে গুণীর কদর নেই। তাই এই সম্মাননাকে আমি অনেক বড় বলে মনে করছি।
আলাউদ্দীন আলী: আমি এর আগেও আজীবন সম্মাননা পেয়েছি। এই পুরস্কার আমার ক্ষেত্রে ‘মরণোত্তর’ও হয়ে যেতে পারত। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ও মানুষের ভালোবাসায় আমি নতুন জীবন পেয়েছি। আমার শারীরিক অবস্থা যেমন ছিল, তা থেকে ফিরে আসার ব্যাপারটা অবিশ্বাস্য। তাই সবকিছু মিলিয়ে সেলিব্রেটিং লাইফ-এ আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার ব্যাপারটিতে একটু বেশি ভালো লাগছে।

আফজাল এইচ চৌধুরী
আফজাল এইচ চৌধুরী

ববিতা: অভিনয়জীবনে পুরস্কার তো অসংখ্য পেয়েছি। কিন্তু ডেইলি স্টার-এর এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের সেরা ইংরেজি দৈনিক পত্রিকার কাছ থেকে এমন সম্মাননা পাওয়ার বিষয়টি সত্যিই মনে রাখার মতো। দেড় মাস আগে আমার কাছে একটি অফিশিয়াল চিঠি আসে। ঠিক দুই দিন পরই আবার আমাকে কানাডা যেতে হয়েছিল। তারপরও তাঁদের আয়োজনের ভাবনায় মুগ্ধ হয়ে আমি ফটোশুট ও তথ্যচিত্র নির্মাণের জন্য হাসিমুখে সময় দিয়েছি।
এই সম্মাননা আপনাকে কীভাবে অনুপ্রাণিত করবে?
আফজাল এইচ চৌধুরী: ৮৫ বছর বয়স আমার। ৬০ বছরের বেশি সময় চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত থেকেছি। এখন যাঁরা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, তাঁদের সত্তর শতাংশই আমার কাছে কাজ শিখেছেন, সেই অর্থে উত্তরসূরি বা শিষ্য। ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ যে আমার কথা ভেবেছে, সে জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার উত্তরসূরি যাঁরা আছেন, তাঁরা আমার এই সম্মাননা পাওয়ার ব্যাপারটায় নিশ্চয়ই অনুপ্রাণিতবোধ করবেন।

আলাউদ্দীন আলী
আলাউদ্দীন আলী

আলাউদ্দীন আলী: এই পুরস্কার প্রাপ্তির ব্যাপারটি আমার উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ডেইলি স্টার আমার প্রিয় পত্রিকা, নিঃসন্দেহে বাংলাদেশের সেরা ইংরেজি দৈনিক। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে এমন পুরস্কার পাওয়া অনেক বেশি আনন্দের। এখন দায়িত্ব বেড়ে যাওয়ায় ভালো কাজ করার ইচ্ছা আরও বেড়ে যাবে।
ববিতা: সবার সহযোগিতায় আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এক জীবনে আমি যা করেছি, এটা তারই স্বীকৃতি। তবে এর মানে এও নয়, সবকিছু শেষ হয়ে গেল। এই পুরস্কার আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।
সাক্ষাৎকার: মনজুর কাদের