সময়টা সিনেমার জন্য ভালো
তৌকীর আহমেদ পরিচালিত ছবি হালদা মুক্তি পাচ্ছে আগামী ১ ডিসেম্বর। গত সোমবার ছবিটির প্রথম গান ‘নোনা জল’ ছাড়া হয় ইউটিউবে। এরই মধ্যে গানটি নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। গতকাল রাতে নিজের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি অজ্ঞাতনামা নিয়ে ২৮তম কার্থেজ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিউনিসিয়া গেছেন তৌকীর। যাওয়ার আগে কথা বলে গেলেন প্রথম আলোর সঙ্গে

আলোচনায় থাকা সত্ত্বেও ‘অজ্ঞাতনামা’ প্রেক্ষাগৃহ থেকে অল্প সময়ের মধ্যেই নেমে গিয়েছিল। এর কারণ কী ছিল?
ছবিটি প্রেক্ষাগৃহে ওঠার পরপরই পাইরেসির কবলে পড়ে। যদি ছবি সঠিকভাবে পরিবেশন করা না হয়, তাহলে দর্শকের কাছে পৌঁছানো কঠিন। এমনিতেই ভালো গল্প সঠিকভাবে তুলে না ধরার কারণে আমাদের ছবি দেখতে দর্শক আগ্রহী হন না। অজ্ঞাতনামা ছবিটি নিয়ে যা হয়েছে, সে জন্য পরিচালক দায়ী নন। প্রযোজক, পরিবেশক সঠিকভাবে ছবিটি পরিবেশনে ব্যর্থ হয়েছেন।
‘হালদা’ মুক্তির আগে এই ঘাটতির জায়গাগুলো মাথায় রাখছেন তো?
অজ্ঞাতনামা নিয়ে যে সমস্যায় পড়েছিলাম, সেগুলো মাথায় রেখেই হালদা নিয়ে এগোচ্ছি। উপযুক্ত পরিবেশকের মাধ্যমে হালদা মুক্তি দিচ্ছি। দ্য অভি কথাচিত্রের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তারা ঢাকা অ্যাটাক-এর পরিবেশক। পাশাপাশি ছবির প্রচারটাও একটা ব্যাপার। গতকাল (সোমবার) আমি, জাহিদ হাসান, তিশা, রুনা খান মিলে ফেসবুক লাইভে জানিয়েছি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে হালদা।
মুক্তির জন্য এই সময়টা বেছে নিলেন কেন?
সময়টা সিনেমার জন্য ভালো যাচ্ছে। এখন শিক্ষিত দর্শকেরা সিনেমা দেখতে হলে আসছেন। তরুণ দর্শকই বেশি। তাঁরা ছবি দেখছেন, নিজেদের মধ্যে বাংলা ছবি নিয়ে তর্ক–বিতর্ক করছেন। এটি বাংলা সিনেমার জন্য ভালো লক্ষণ। একই সঙ্গে ডিসেম্বরটা উত্সবের মাস মনে হয়। এ কারণেই সময়টা বেছে নেওয়া।
‘ঢাকা অ্যাটাক’ ও ‘ডুব’ দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এখন কি নিজের ছবি নিয়ে বাড়তি চাপ অনুভব করছেন?
না। ব্যক্তিগতভাবে আমি চাপমুক্ত মানুষ। আমি যে কাজটি করেছি, তা বিনয়ের সঙ্গে দর্শকের সামনে দেব। তাঁরা গ্রহণ করলে আনন্দিত হব। যদি তাঁদের ভালো না লাগে, তাহলে আমি পরবর্তী কাজ নিয়ে এগিয়ে যাব বা গবেষণা করব, কেন ছবিটি দর্শক নেননি।
ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা আপনার ছবির শিল্পী। এত তারকা নিয়ে ছবিতে কাজ করা কি সহজ ছিল?
আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি তাঁদের কাছ থেকে বিশেষ সুবিধা ভোগ করি। কাজের সময় তাঁদের কাছ থেকে সত্যিকারের সহযোগিতাটাই পাই আমি। শুটিংয়ের সময় আমার জন্য জাহিদ ভোর চারটায় ঘুম থেকে উঠেছেন, তিশা কাদাজলে ডুবে, রোদে পুড়ে শট দিয়েছেন। মোশাররফ শত ব্যস্ততার মধ্যেও আমার জন্য শিডিউল বের করেছেন। এই সুবিধাটা আমি পাই তাঁদের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে।