
আজ তিনটি চ্যানেলে প্রচারিত হবে রাইসুল ইসলাম আসাদ অভিনীত একুশে ফেব্রুয়ারির বিশেষ তিনটি নাটক। এর মধ্যে চ্যানেল আইতে লাল পলাশের মাস, দেশ টিভিতে সাদা ও এনটিভিতে নায়ক। নাটকগুলো নিয়ে কথা হলো তাঁর সঙ্গে
আজ তিনটি চ্যানেলে আপনার অভিনীত নাটক প্রচার করা হবে।
সত্যি কথা হলো, তিনটি নাটকের গল্প এবং নাম আমার ঠিকমতো মনে নেই। এত কিছু কীভাবে মনে রাখব! সবার এত ব্যস্ত জীবন। আমি এই মুহূর্তে একটা শুটিংয়ে আছি। তাই এটা নিয়েই আমাকে ভাবতে হচ্ছে।
নাটকগুলো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে কতটুকু সহায়তা করবে?
এটুকু বলতে পারি, নাটকগুলোতে ইতিহাস দেখানো হয়নি। ইতিহাস অনেক বড় ব্যাপার। আমি মনে করি, এগুলো একুশের চেতনায় নির্মিত হয়েছে। আর ইতিহাস জানতে হলে তো একুশে ফেব্রুয়ারি নিয়ে পড়াশোনা করতে হবে। অনেক বইও লেখা আছে একুশ নিয়ে।
এই সময়ের নাটকগুলো নিয়ে আপনার মন্তব্য কী?
এসব নিয়ে কিছু বলার নেই। যে পরিস্থিতিতে নাটকগুলো তৈরি হয়ে এখনো চলছে, এতে আমি অবাক হয়ে যাই। একটি ভালো কাজ করার জন্য যে অর্থের প্রয়োজন, তার চার ভাগের এক ভাগ দিয়ে নাটক তৈরি হচ্ছে। যে সময়ের প্রয়োজন, তার এক-চতুর্থাংশ সময়ের মধ্যে নাটকটি নির্মাণ করতে হচ্ছে। যাঁরা ভাবনাচিন্তা করে অভিনয় করবেন, তাঁদেরও ওইটুকু সময়ের মধ্যে অভিনয় করতে হচ্ছে। তাই আলাদা করে ভাবনাচিন্তা করার কোনো সুযোগ নেই। আমরা সময়হীন। তাই সময়হারা পৃথিবীতে সময়হারা মানুষের কাছ থেকে ভালো কাজ আশা করা যায় না।
সাক্ষাৎকার: বিনোদন প্রতিবেদক