‘তাঁরা সস্তা বিনোদন দিয়ে দর্শকের রুচি নষ্ট করছেন’

রুণু গুহ নিয়োগীর ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে একটি ওয়েব সিরিজ তৈরি হবে। তিনটি পর্বে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে এটি। এটি পরিচালনা করবেন ভারতের সায়ন্তন মুখোপাধ্যায়। এটিতে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা শোনা গেছে। এরই মধ্যে কলকাতার একটি সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিতও হয়েছে। নতুন এ কাজ নিয়ে কথা বলতে গেলে চঞ্চল চৌধুরী জানালেন নতুন বছরের পরিকল্পনাসহ আরও অনেক কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

নতুন বছরের শুভেচ্ছা। ২০২১ সাল কেমন কাটল?

ব্যক্তিগতভাবে আমার ভালো গেছে। আমার অভিনয় ক্যারিয়ারে ভালো কয়েকটি কাজ যুক্ত হয়েছে। ভালো কাজের চেয়ে বড় ব্যাপার, আমি নতুন করে স্বপ্ন দেখছি।

চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

গত বছরের কাজের মধ্যে এগিয়ে রাখবেন কোনগুলো...

সর্বশেষ করলাম ‘বলি’। দেশ ও দেশের বাইরের দর্শক এই কাজ সম্পর্ক দারুণ সব প্রতিক্রিয়া দিয়েছেন। চরকির তিনটা কাজ করেছি, তিনটাই আমার খুব প্রিয়—‘জাগো বাহে’, ‘ঊনলৌকিক’ ও ‘মুন্সিগিরি’।

প্রশ্ন :

শুনলাম নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।

ধন্যবাদ। আসলে যে ওয়েব সিরিজের কথা শুনেছেন, সেটার বিষয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি। শুধু দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

প্রশ্ন :

চূড়ান্ত করেননি কেন?

কাজটা হবে আরেকটা দেশে। করোনার এই সময়ে ভিসার একটা জটিলতা আছে। ভিনদেশে ভিজিট ভিসা নিয়ে কাজ করার তো মানে হয় না। তা ছাড়া দেশের মধ্যেও একের পর এক ওয়েবের কাজের শিডিউল দেওয়া। সবকিছু মিলিয়ে একটু দেরি হচ্ছে আরকি। এর বাইরে নতুন কারও সঙ্গে কাজ করতে যাব, হুট করে ডিসিশনও নিতে চাই না। বুঝেশুনে তারপর সিদ্ধান্ত নেব। তাই আরেকটু সময় নিতে চাইছি।

অভিনেতা চঞ্চল চৌধুরী।
ফাইল ছবি : প্রথম আলো

প্রশ্ন :

নতুন বছরের নতুন কাজের খবর বলুন।

বছর শেষে ‘বলি’ ওটিটিতে মুক্তি পেল। বেশ ভালোই দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। সামনে সাওকীর ‘কারাগার’ নামের একটি ওয়েব সিরিজ করব। ‘তাকদীর’ ছিল তাঁর সঙ্গে প্রথম কাজ।

প্রশ্ন :

অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তরুণ নির্মাতা সাওকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

আমি তাঁদের মতো কয়েকজন তরুণ সঙ্গে কাজ করে খুবই হ্যাপি। তাঁদের সঙ্গে কাজ করার পর আমার উপলব্ধি, দেশের সিনেমা ও ওয়েব সিরিজ এই তরুণদের হাত ধরে দারুণ একটা জায়গায় যাবে। তাঁদের জানাশোনা বা কাজ করার স্পৃহা, খুবই মুগ্ধ করে। আন্তরিকভাবে তাঁরা কাজকে প্রাধান্য দেন। তা ছাড়া তাঁরা টেকনিক্যালি দারুণ রিচ। শঙ্খ দাশগুপ্ত, রবিউল আলম রবি এবং সর্বশেষ ধীমানের কাজ দেখে তো আমি মুগ্ধ। নতুন ১০–১৫ জন ডিরেক্টর এসেছেন, যাঁরা এই ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দেবেন।

ওয়েব 'বলি'তে সোহরাব চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

এই সময়ে টেলিভিশনের চেয়ে ওয়েবে কাজ করার কারণেই কি তাঁরা নিজেদের বিকশিত করতে পেরেছেন? অনেক বলেন, ওয়েবে বাজেট বেশি ও স্বাধীনতা থাকায় পরিচালকেরা মন খুলে কাজ করতে পারেন।

ওয়েবের বাজেট এখনকার টেলিভিশনের পরিচালকদের দিলেও তাঁরা পারবেন না। কারণ, এত বছরে এক ধরনের প্যাটার্নে কাজ করতে করতে তাঁদের মধ্যে অন্য ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে। সাধারণত, ওয়েবে একটা কাজের ক্ষেত্রে তিন মাসের মতো প্রস্তুতি থাকে। ওখানকার কাজে প্রি–প্রোডাকশনে অনেক সময় দেওয়া হয়। টেলিভিশন নাটকে তো এখন প্রি–প্রোডাকশনই নেই। একটা কাজ শুরুর আগে যে প্রস্তুতি, সেটাই তো আসল। স্পটে গিয়ে তো শুধু শুটিং। সিনেমা, ওয়েব সিরিজ ও নাটকের মূল কাজ হয় প্রি–প্রোডাকশনে। ওভাবে আমাদের টেলিভিশনের মেকিংটাও গড়ে ওঠেনি, তবে একটা সময় ছিল।

চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

কিন্তু এই আপনারাই তো একটা সময় টেলিভিশনের মাধ্যমে পরিচিত পেয়েছেন। মানসম্মত কাজও করেছেন।

অস্বীকার করার উপায় নেই, ছিল। কিন্তু এখানকার টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা শুধু বিজনেস পারপাসে ব্যবহার করার জন্য যা খুশি তা–ই করছেন। সস্তা বিনোদন দিয়ে দর্শকের রুচি নষ্ট করছেন। এখন আবার ইউটিউবে লাখ লাখ ভিউয়ের নেশা পেয়ে বসেছে পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীকে। কয়েক দফা টাকা কামাবে আরকি। অথচ মূল কাজের ক্ষেত্রে ফোকাসটা নেই। মূল কাজটা ভালো করার জন্য কী কী করা উচিত, সেটার দিকে কোনো নজর নেই। একটা ইন্ডাস্ট্রিতে হাজারের মতো ডিরেক্টর। আসলে কতজন ভালো ডিরেক্টর আছেন, ৫০ বা ১০০ জন। সেখানে আরও এত এত ডিরেক্টর, তাঁরা মানসম্পন্ন কাজ করতে পারেন না। কোনো না কোনো জায়গায় তো লিয়াজোঁ মেনটেইন করে জায়গাটা আরও নষ্ট করছেন। যাঁর যা খুশি তা–ই করছেন। স্ক্রিপ্ট ছাড়াই কাজ করছেন। টেলিভিশনে সুসম্পর্কে কাজ হয় আর ওটিটিতে সুসম্পর্কের পাশাপাশি মেধাও থাকতে হয়। টেলিভিশনের কাজ ওয়ান টাইম, কিন্তু ওয়েবের কাজ আজীবন। হইচই, জি–ফাইভ আন্তর্জাতিক মানের কাজ যেমন করছে, তেমনি আমার দেশের চরকির কাজও এখন কলকাতাসহ দেশের বাইরের প্রচুর দর্শক দেখছেন। টেলিভিশনের নাটক যাঁরা বানান, বেশির ভাগের কাছে শুধু সস্তা বিনোদন দেওয়াটা মুখ্য। শিল্পমান থাক বা না থাক, এসব নিয়ে ভাবেন না তাঁরা। দর্শক হা হা হো হো করে হাসবেন অথবা সস্তা বিনোদন পাবেন, এটাই তাঁদের চাওয়া। এটা অধিকাংশের কথা বলছি, সবার কথা নয় কিন্তু। টেলিভিশনে কেউ ভালো কাজের চেষ্টা করছেন না, তা কিন্তু নয়। কিন্তু মাত্রাতিরিক্ত মানহীন কাজের কারণে মানসম্মত কাজ চাপা পড়ে যাচ্ছে।

প্রশ্ন :

তাহলে টেলিভিশন নাটক কি অস্তিত্ব–সংকটে?

আসলে আমাদের তো সবকিছু অস্তিত্ব–সংকটে। কারণ, আমাদের কারোরই মূল কাজের প্রতি ভালোবাসা নেই। কাজের মধ্যে দেশপ্রেম যদি কখনো না থাকে, দেশের প্রতি ভালোবাসা না থাকে, স্বার্থের জন্য কাজ করলে তো সব সেক্টরই হুমকির মুখে পড়বে, এটাই স্বাভাবিক। নাটক, গান বা সিনেমা অঙ্গনের সঠিক জায়গা সঠিক মানুষের হাতে নেই কিন্তু। অধিকাংশই শিল্পের চেয়ে ব্যবসায় বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই এখন টেলিভিশনের জন্য চ্যালেঞ্জের সময়।

চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

চ্যালেঞ্জ উত্তরণে কী করতে হবে?

টেলিভিশনের নিজেদের নাটকের মান বাড়াতে হবে। ভালো বাজেট দিয়ে প্রপারলি যাঁরা কাজ করতে পারেন, তাঁদের দিয়ে কাজ করাতে হবে। গড়পড়তা সুসম্পর্ক আছে বলে যাকে–তাকে কাজ দিয়ে দিলাম, তা হলে কিন্তু চলবে না। কাজটা করার ক্ষমতা আছে কি না বা ক্ষেত্রটা নষ্ট করছে কি না, এই বাছবিচারও আমরা করি না। ওটিটির সঙ্গে টেলিভিশনের পাল্লা দেওয়ার নয়। কারণ, ওটিটির বাজেট অনেক। টেলিভিশনের বাজেট এখন যা, তা অ্যাটলিস্ট ডাবল না হলে মিনিমাম কাজের কোয়ালিটি বাড়বে না। সেটা সিরিয়াল হোক বা এক ঘণ্টার নাটক হোক। আর সেই কাজ সত্যিকারের ক্রিয়েটিভদের দিয়ে করাতে হবে।

প্রশ্ন :

নতুন করে স্বপ্ন দেখার কথা বলছিলেন।

নতুন নির্মাতাদের মধ্যে যাঁরা যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যে অনিম, সাওকী, রবি, ধীমানদের কাজগুলো দেখে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছি। পুরোনো যাঁরা কাজ করছেন, তাঁদের মধ্যেও অনেকে নিজেদের নতুনভাবে উপস্থাপন করেছেন। আমি আশা করছি, সামনের বছর তাঁদের কাজ এর চেয়ে ভালো হবে।

চঞ্চল চৌধুরী
প্রথম আলো

প্রশ্ন :

নতুন বছর নিয়ে আপনার আশাবাদের কথা শুনতে চাই।

গেল বছর ওটিটিতে আমাদের এন্ট্রি হলো। দেশি ওটিটির মধ্যে আমি আসলে চরকি নিয়ে বেশি কথা বলি। কারণ, এর অনেক ভালো সম্ভাবনা আছে। চরকির সম্ভাবনা মানে আমাদের সম্ভাবনা। চরকি যদি বছরে ১০টি ভালো প্রোডাকশন নামায়, তাহলে আমরা অনেক দূর এগোব। কাজের যে ধারা শুরু হয়েছে, সেটা আরও ভালো কাজের ইঙ্গিত দেয়।

প্রশ্ন :

টেলিভিশন মাধ্যমে কী আশাবাদ?

টেলিভিশনও যেন ভালো করে তার হারানো গৌরব ফেরানোর চেষ্টা করে। আমরা তো টেলিভিশনেও কাজ করতে চাই। কিন্তু সেখানে কোয়ালিটি ও বাজেটের যদি খুব পার্থক্য হয়ে যায়, তাহলে তো করা যায় না। ওটিটিতে সবাই সাবস্ক্রাইব করে দেখেন। একই আমাকে যখন টেলিভিশনের ফ্রি ফ্রি সস্তা সস্তা কনটেন্টে দেখবেন, দর্শক কিন্তু মুখ ফিরিয়ে নেবেন।