সামনে শুধুই সিনেমা!
>

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের একজন ইমন। শোবিজে ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে। এরপর টিভি নাটকে অভিনয়। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান ইমন। আট বছর ধরে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত তিনি। তবে মাঝেমধ্যে ছোট পর্দায়ও কাজ করতে দেখা যায় তাঁকে। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ইমন অভিনীত ও তন্ময় তানসেন পরিচালিত নতুন ছবি ‘পদ্ম পাতার জল’। এরই মধ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। ‘পদ্ম পাতার জল’সহ অন্যান্য প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইমন।
‘পদ্ম পাতার জল’ নিয়ে আপনার উচ্ছ্বাসের কমতি নেই। কেন এত উচ্ছ্বাস?
বিশেষ কারণ হচ্ছে, অনেক দিন মানুষ আমাকে মডেল হিসেবে দেখেছেন। কিন্তু চলচ্চিত্রের জন্য আমি মডেলিং বন্ধ করে দিয়েছি। মানুষ আমাকে এত দিন ফিল্মের হিরো হিসেবে দেখেছেন। ‘পদ্ম পাতার জল’ ছবিতে দর্শকেরা আমাকে একজন প্রকৃত অভিনেতা হিসেবে দেখবেন। আমি নিশ্চিত, বাংলা চলচ্চিত্রের দর্শকেরা নতুন এক ইমনের সঙ্গে পরিচিত হতে পারবেন।
কেমন সেটা?
সেটা হচ্ছে, এখানে অভিনেতা ইমনের সঙ্গে পরিচিত হবেন দর্শকেরা। তার মানে কিন্তু এই নয় যে, এত দিন সবাই অভিনয়শিল্পী ইমনকে দেখেননি। ছবিগুলোতে নায়কোচিত ব্যাপার ছিল। ‘পদ্ম পাতার জল’ ছবিতে হিরোগিরির পাশাপাশি পরিণত এক ইমনের সঙ্গে দেখা হবে সবার। এ ছবিতে অভিনয়ের অনেক বড় একটা সুযোগ ছিল। আমি নিজেও অভিনয়ের একটা সুযোগ খুঁজছিলাম। যা এ ছবিতে পেয়ে গেছি। তাই মনপ্রাণ উজাড় করে অভিনয় করে গেছি। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াটা বাংলাদেশের যেকোনো অভিনয়শিল্পীর জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। প্রযোজক-পরিচালকেরা আমার ওপর আস্থা রেখেছেন বলেই আমি এই সুযোগ পেয়েছি।
এই ছবিতে অভিনয় করাটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। দিন শেষে, আমি আমার জায়গা থেকে সন্তুষ্ট। আপনাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে?
আমি খুবই আত্মবিশ্বাসী। এতটা আত্মবিশ্বাস আর কোনো ছবি নিয়ে ছিল না। আমাদের চিত্রগ্রাহক ছিলেন মাহফুজুর রহমান খান, তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তাঁর মতো মানুষের সঙ্গে কাজ করাটাও অনেক ভাগ্যের ব্যাপার। তিনি আমাকেও নানাভাবে সহযোগিতা করেছেন। তাঁকে এও বলতে শুনেছি, ‘আমি আমার জীবনে অনেক সিনেমার কাজ করেছি, কিন্তু ‘‘পদ্ম পাতার জল’’ সবচেয়ে চমৎকার কাজ।’ তাঁর মতো এত বড়মাপের মানুষের মুখে এমন কথা শোনাটা কিন্তু অনেক বড় ব্যাপার।
এ ছবিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন
আমি কাজ করার সময় কোথায় যেন হারিয়ে যেতাম। সাধারণত আমাদের দেশের ছবিগুলোর ক্ষেত্রে খুব বেশি বাজেট থাকে না। কিন্তু এই ছবিতে তা করা হয়নি। যেখানে যা দরকার তার সবই এ ছবিতে জোগান দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ জন্য পুরো ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন ছবিটির প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা। কাপ্তাই এলাকার একটি পাহাড়ে আমরা শুটিং করেছি। ১০ দিন ধরে এই পাহাড়ে ওঠার জন্য আমাদের সিঁড়ি বানাতে হয়েছে। এর আগেও পিক ৬৯ এ অনেকে শুটিং করেছেন। তবে আমরা এই পাহাড়ের দুর্লভ জায়গাগুলোতে শুটিং করেছি।

ছবিতে আপনার চরিত্র?
ছবিতে আমাকে জমিদার পরিবারের ছেলে হিসেবে উপস্থাপন করা হয়েছে।
শুটিংয়ে কোনো মজার ঘটনা ঘটেনি?
গানের শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শুরু করি। এফডিসিতে প্রথম কাজ হয়। মজার ঘটনা বলতে গেলে বলতে হয়, প্রথম দিনের শুটিংয়ের জন্য আমাকে একটা শেরওয়ানি দেওয়া হয়। সাধারণত আমাদের এখানে শুটিংয়ের সময় দেখা যায়, হিরোকে দামি পোশাক দেওয়া হয়, বাকিদের নিজেদের বাসা থেকে পোশাক নিয়ে আসতে হয়। প্রথম দিনের শুটিংয়ে গিয়ে দেখি, আমার আশপাশে যাঁরা আছেন তাঁদের পরনে চমৎকার সব পোশাক। এত সুন্দর সুন্দর পোশাক আমি আগে দেখিনি। আমি পরিচালককে বললাম, আমি হিরো। আমি তো দামি শেরওয়ানি পরব। তখন পরিচালক বললেন, যেখানে যা দরকার সেটাই করা হবে। আরেকটি মজার ঘটনা আছে। টাঙ্গাইলে ছবিটির শুটিং করছিলাম। দুঃখের একটা দৃশ্যের শুটিং ছিল। দৃশ্যটিতে দেখা যায়, বৃষ্টি পড়ছে। আমি আকাশের দিকে উদাস হয়ে তাকিয়ে আছি। বৃষ্টিতে ভিজে শুটিংয়ের সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। রীতিমতো কাঁপছিলাম। রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি। পরদিন তো আমি আর কোনো সংলাপ দিতে পারছিলাম না। ঠান্ডায় এতটা জমে গেছি যে, আমার মুখ নড়ে কিন্তু সংলাপ বের হয় না। তবে ডাবিংয়ের ব্যবস্থা থাকায় পার পেয়ে গেছি।
ছবির গানগুলো কেমন?
সবগুলো গানই অন্যরকম। সব গানে অনেকগুলো লোকেশন ব্যবহার করা হয়েছে। পুরো বাংলাদেশের সৌন্দর্য গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিরোনামহীন, অর্ণব, এলিটার গান আমার অনেক বেশি ভালো লেগেছে।
এই ছবির টার্গেট অডিয়েন্স কারা?
এই ছবিটা নির্দিষ্ট কোনো ঘরানার দর্শকের জন্য নয়। ‘পদ্ম পাতার জল’ সবার জন্য।

দর্শকেরা ছবিটি কেন দেখবে?
ঈদে বড় বড় বাজেটের ছবি মুক্তি পাবে এটা ঠিক। কিন্তু এই ছবি সব বাজেটকে ছাড়িয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে ছবিটি দেখার জন্য। এর প্রতিটি গান এবং দৃশ্য দেখলেই দর্শকেরা বুঝবেন, আমরা ছবিটির জন্য কত কিছু করেছি। ছবির গল্প খুব শক্তিশালী। গল্পের একটা নিজস্বতা আছে। কপি পেস্ট করা কিছু নেই এখানে। তা ছাড়া ‘পদ্ম পাতার জল’ ছবির চিত্রনাট্য লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। তিনি অনেক গুণী একজন মানুষ। তাঁর অসংখ্য গান আমাদের সংগীতকে সমৃদ্ধ করেছে। তাঁর মতো একজন মানুষ এক বছর ধরে নিরলসভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। তারপর আরও এক বছর ধরে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ হয়েছে। ছবির শুটিং লোকেশনেও অনেক বৈচিত্র্য আছে। আমি বিশ্বাস করি, সুন্দর একটি গল্পের জন্য সিনেমা হলে এই ছবিটি দেখতে যাবেন দর্শকেরা।
সব ছবি মুক্তির আগেই এমনটা শোনা যায়। কিন্তু ছবি মুক্তির পর চিত্রটা উল্টে যায়। এ বিষয়ে আপনার মন্তব্য?
আমরা যে বিষয় নিয়ে কাজ করেছি, তা এই মুহূর্তে কেউ ভাবতেও রাজি নয়। আমার চলচ্চিত্র অভিজ্ঞতা থেকে এমনটা বলছি। আমি মনে করি, এই ছবির সঙ্গে যুক্ত সব শিল্পীর জন্যই ছবিটি অন্যরকম টার্নিং পয়েন্ট হবে। দেবদাস যেমন রিমেক হচ্ছে, আমার বিশ্বাস, আমাদের এই ছবিটাও ৫০ বছর পর রিমেক হবে। আমি বড়াই করে কিছু বলতে চাই না। আমি শুধু বলব, আমার ক্যারিয়ারের একটা চমৎকার ছবি এটি। আর ভালো কিছু হলে তো ক্যারিয়ারও সুদৃঢ় হবে।
ইমনের আরও নতুন ছবি কবে মুক্তি পাবে?
চাষী নজরুল ইসলামের সঙ্গে কাজ করেছিলাম। সেই ছবিটি ঈদের পর মুক্তি পাবে। বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর একটি সিনেমার কাজও করেছি। সেটিও মুক্তির অপেক্ষায় আছে। আমার একটা উপলব্ধি হয়েছে; যে ছবিই করি না কেন, মান ঠিক থাকতে হবে। প্রয়োজনে বিনা পারিশ্রমিকে কাজ করব, কিন্তু মানসম্মত ছবি করব। ভালো কাজ করলে টাকা এমনিতেই আসবে। মন-প্রাণ ধ্যান-জ্ঞান দিয়ে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ‘পদ্ম পাতার জল’ ছবিতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। কোনো কিছু অবহেলা করে করলে সেটার ফল যে ভালো হয় না, তা আমি বুঝতে পেরেছি।
আপনি কি তাহলে অবহেলা করে ছবির কাজ করেছেন?
অবহেলা না। সত্যি বলতে কি, তাড়াহুড়ো করে কাজ করেছি। আমার মনে হয়, একটা ছবিতে ডিরেক্টর আমাকে আরও সময় দিতে পারতেন। কিন্তু তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছেন।
নিজের পুরোনো ছবিগুলো দেখলে কী মনে হয়?
হাসি পায়। আমার ধারণা, সব হিরোরই প্রথম দিকের ছবি দেখলে হাসি পায়। মনে হয়, তখনকার সময় ও প্রেক্ষাপট অনুযায়ী ঠিক ছিল হয়তো। কিন্তু এখন যদি সময় পেতাম, তাহলে আরও অনেক ভালো করতে পারতাম।
সামনে পরিকল্পনা কী?
শুধুই সিনেমা। সিনেমা ছাড়া কিছুই ভাবতে পারছি না। মনে হচ্ছে, সিনেমা খেয়ে আমি বেঁচে আছি।
অনেকের মতেই চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভালো নয়। এ অবস্থায় সিনেমা ছাড়া কিছুই না ভাবতে পারাটা কতটা যৌক্তিক?
এটা ঠিক। তাই বলে বসে থাকব কেন! এখন চ্যালেঞ্জটা অনেক বেশি। কিছুদিন আগে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিটির ফলাফল বেশ ইতিবাচক ছিল। সামনে ‘পদ্ম পাতার জল’-এর মতো ছবি মুক্তি পাচ্ছে। দর্শক টানা কয়েকটা ভালো ছবি পেলেই চলচ্চিত্রের চিত্রটা বদলে যাবে।
বর্তমান সময়ের বাংলাদেশের ছবি ও নির্মাতা সম্পর্কে কিছু বলুন।
‘হিরো দ্য সুপারস্টার’ দেখেছি। অ্যারেঞ্জমেন্ট ভালো লেগেছে। যদিও ছবির গল্পটা তামিল। ‘কিস্তিমাত’ ছবির গল্পটাও ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে, আশিকুর রহমান চেষ্টা করেছেন। এখন আবার ইফতেখার চৌধুরীও অনেক ভালো নির্মাতাদের একজন। আমাদের ফাইট করতে হচ্ছে কলকাতার সিনেমার সঙ্গে। কলকাতার সিনেমা আমাদের এখানে ঢুকে যাচ্ছে।
ইমনের কাছে ভালো ছবির সংজ্ঞা কী?
একটা ভালো গল্প। কপি-পেস্ট ছবি দেখতে দেখতে দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অবশ্যই ভালো অ্যারেঞ্জমেন্ট লাগবে। এই দায়িত্বটা প্রযোজকের। ভালো নির্মাণ ও নান্দনিক ফটোগ্রাফিও জরুরি।
চলচ্চিত্রশিল্পে টিকে থাকার জন্য কোন বিষয়গুলো জরুরি বলে আপনি মনে করেন?
এখন প্রতিযোগিতামূলক বাজার। বাজারে টিকে থাকতে হলে প্রতিনিয়ত ফাইট করতে হবে। ইমন সামনে শারীরিক গঠনের দিক দিয়ে নিজেকে পরিবর্তন করছে। আর অবশ্যই ভালো অভিনয়ের কোনো বিকল্প নেই। সেই বিষয়টার দিকেও আমি নজর দিচ্ছি। আমি আমার অভিনয়ের মান বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি। আমার দুর্বল দিকগুলো খুঁজে বের করছি। তা থেকে নিজেকে শুধরে নিচ্ছি। প্রকৃত অভিনয়শিল্পী হতে যা যা দরকার সবই করছি।