>আজ প্রয়াত অভিনেতা সালমান শাহর ৪৫তম জন্মদিন। মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ভক্তদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রে তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ডলি জহুর। বেশ কিছুদিন আগে উত্তরার একটি শুটিংবাড়িতে বসে সালমান শাহর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বললেন এই অভিনেত্রী।

কতগুলো ছবিতে আপনি সালমান শাহর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন?
সঠিক সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারব না। মোহাম্মদ হান্নানের বিক্ষোভ থেকে শুরু করে অনেক ছবিতেই মায়ের চরিত্রে অভিনয় করেছি। শুধু বিচার হবে ছবিতে অভিনয় করেছিলাম ভাবির চরিত্রে।

আপনার সঙ্গে সালমানের প্রথম পরিচয়ের স্মৃতিগুলো কি মনে আছে?
আমি যখন বাংলাদেশ টেলিভিশনে নাটক করতাম, তখন সালমানও বিটিভিতে আসত। নাটক করত। ওই সময় থেকেই সালমান আমার ছেলের চরিত্রে অভিনয় করছে। বিশেষ করে সালমানকে বিটিভির প্রযোজক ও নাট্যকার জিয়া আনসারী খুব পছন্দ করতেন। তাঁর রচিত বা প্রযোজিত বেশির ভাগ নাটকে ছোট ছেলের চরিত্র থাকলেই সালমানকে দিয়ে করাতেন। ওই সময় থেকেই সালমান আমার ছেলে হয়ে যায়।
সালমান শাহর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
সালমান আমার আরেকটা ছেলে ছিল। ও আমাকে মায়ের মতো সম্মান করেছে ও ভালোবেসেছে। আমি এমনও শুনেছি, ওর মা নাকি বলত, ‘সালমানকে আমি জন্ম দিয়েছি। কিন্তু ওকে তো বড় করেছে ডলি।’ আমার দেখা সবচেয়ে প্রাণবন্ত ছেলে সালমান। ও শুটিংয়ে থাকলে সবার খোঁজখবর নিত। সবার সঙ্গে সারাক্ষণ মজা করত। ওর কাছে কেউ সাহায্যের জন্য এসে ফিরে গেছে এমনটা ঘটেনি। এগুলো আমার চোখে দেখা।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক