
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে শিল্পী শিমুল মুস্তাফার আবৃত্তি পরিবেশন। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি আয়োজিত এ পরিবেশনায় আবৃত্তির পাশাপাশি থাকবে আরও কিছু বিশেষ আয়োজন। এসব নিয়েই কথা বলেছেন শিমুল মুস্তাফা
আজকের আয়োজনটি নিয়ে বলুন...
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রতি ডিসেম্বরে ৭১টি আবৃত্তি নিয়ে এই আসরে অংশ নিই আমি। এ নিয়ে পঞ্চমবারের মতো এটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবার প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টা কবিতা পড়ি। ৭১টি কবিতার পর দর্শকদের অনুরোধে আরও কয়েকটি আবৃত্তি করা হয়। তা ছাড়া আবৃত্তির পাশাপাশি থাকে বিশেষ কিছু পরিবেশনাও।
আবৃত্তির পাশাপাশি আর কী থাকবে?
২৫তম আবৃত্তির পর আমরা স্মরণ করব ২৫ মার্চের কালরাতকে। ৭১টি ফানুস ওড়ানো হবে। প্রথম ফানুসটি ওড়াবেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ফানুস ওড়ানোর পর ১৯৭১টি মোমবাতি প্রজ্বালন করা হবে। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের হাতে তুলে দেওয়া হবে মোমবাতি। ২৬তম আবৃত্তির আগে দর্শকেরা একে একে মোমবাতিগুলো জ্বালাবেন। তা ছাড়া এ অনুষ্ঠানের ফাঁকেই মঞ্চে পরিবেশিত হবে ‘সব কটা জানালা খুলে দাও না...’। গানটি গাইবেন মাহামুদুজ্জামান বাবু, হাসান আবিদুর রেজা জুয়েল ও প্রিয়াংকা গোপ।
আবৃত্তিতে নতুনদের আগ্রহ কি এখন কম মনে করেন?
আবৃত্তির প্রতি তরুণদের আগ্রহ যথেষ্ট। অনেকেই আবৃত্তিচর্চা করতে আসছেন। কিন্তু কেউই এ চর্চায় থিতু হতে পারেন না। অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা না পেলে তরুণেরা এ শিল্পচর্চায় নিজেদের ধরে রাখবে কি করে? তাই চর্চা শুরু করেন অনেকেই। কিন্তু দেখা যায় একটা সময় তারা উপস্থাপনা, সংবাদপাঠ কিংবা অভিনয়ে চলে যান। তবে আমরা চেষ্টা করছি আবৃত্তিকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সে ক্ষেত্রেও তো আমাদের প্রতিকূলতা অনেক।
কী ধরনের প্রতিকূলতা?
সবচেয়ে বড় প্রতিকূলতা হলো আবৃত্তি পরিবেশনার তেমন কোনো বিশেষ স্থান নেই। পুরো শহরে শাহবাগের জাতীয় গ্রন্থাগার আর শিল্পকলা একাডেমী ছাড়া আর কোথাও নিয়মিত আবৃত্তি পরিবেশন করা যায় না। অন্য অডিটোরিয়ামগুলোর ভাড়াও অনেক বেশি।