সিঙ্গাপুরে শাস্ত্রীয় সংগীত উৎসব করতে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে ফরহাদুল ইসলাম
পুরস্কার হাতে ফরহাদুল ইসলাম
গত জুনে ইতালির কোমো শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এ’ ডিজাইন অ্যাওয়ার্ড অ্যান্ড কমপিটিশন ২০১৭। বিশ্বনন্দিত এই প্রতিযোগিতায় দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের ডিজাইন কালেকটিভ ইকিগাই। ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনায় বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের জন্য করা ইকিগাইয়ের প্রকল্পটি গ্রাফিকস ও ভিজ্যুয়াল কমিউনিকেশন বিভাগে স্বর্ণ জেতে। রুপা পায় জিওমেট্রিক, অ্যালগরিদম ও প্যারামেট্রিক ডিজাইনে। এই পুরস্কার ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বললেন ব্লুজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম।

ইন্টারন্যাশনাল এ’ ডিজাইন অ্যাওয়ার্ড অ্যান্ড কমপিটিশন নিয়ে বলুন।

ব্র্যান্ড ও ডিজাইনবিষয়ক বিশ্বের বড় প্রতিযোগিতাগুলোর একটি এটি। নামকরা ব্র্যান্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে এতে অংশ নেয়। কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে এমন পুরস্কার বাংলাদেশ থেকে আগে আর কেউ পেয়েছে বলে জানি না। একই ব্র্যান্ডের জন্য আমরা রেড ডট অ্যাওয়ার্ড পেয়েছি। সেটা আরও বড় প্ল্যাটফর্ম। বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের পুরো ব্র্যান্ড পরিচিতিটি তৈরি করে দিয়েছে ইকিগাই। উৎসবের চতুর্থ আসরে এই নতুন লোগোসহ ব্র্যান্ডটি গড়ে তোলা হয়। ইকিগাই বর্তমান সময়ের একটি প্রতিভাবান ডিজাইন কালেকটিভ।

আপনাদের ব্র্যান্ডটির বিশেষত্ব কী?

লোগোটি ডিজাইন করার সময় আমরা অনেক বিষয় মাথায় রেখেছিলাম। উপমহাদেশের সংগীত হলো সময়ের ওপর নির্ভরশীল। একেক প্রহরে একেকটা রাগ ভালো লাগে—এটা একটা বিজ্ঞান। প্রহরগুলোর বিশেষত্ব আমরা এই লোগোটার মধ্যে ধরার চেষ্টা করেছিলাম। এ জন্য দেখবেন, এই লোগোর একটি ওয়েভ লেংথ আছে। একেক সময়ে এটার আকার পরিবর্তন হয়। ভবিষ্যতের উৎসবগুলোতে লোগোর বিভিন্ন সংস্করণ হবে, তবে মূল বিষয়গুলো একই থাকবে।

উৎসবের মৌসুম প্রায় চলেই এল। আপনাদের এবারের পরিকল্পনা কী?

আমরা সিঙ্গাপুরের মেরিনা বেতে আগামী ২১ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী একটি শাস্ত্রীয় সংগীত উৎসব করতে যাচ্ছি, অনেকটা এখানকার উৎসবটির আদলেই। সেখানে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা, লুভা নাহিদ চৌধুরী, শামা রহমান, লাইসা আহমদ লিসাও গান গাইবেন। আসবেন পণ্ডিত বিরজু মহারাজ, হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা, ওস্তাদ সুজাত খান, বিদুষী বম্বে জয়শ্রী, এল সুব্রামানিয়াম, নীলাদ্রি কুমার। এ ছাড়া আমরা ঢাকার বাইরেও কাজ করতে চাই। সিলেটে যেমন বেঙ্গল সংস্কৃতি উৎসব হলো, তেমনি চট্টগ্রামেও একটি বড় উৎসব করার ইচ্ছা আছে।

আগামী বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব কবে হচ্ছে?

প্রস্তুতি জানুয়ারি থেকেই নিচ্ছি। ২৩ নভেম্বর থেকে হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত মাঠ বরাদ্দ পাইনি। এটাই এখন আমাদের বড় সমস্যা। সুফি উৎসবও সে কারণে করা গেল না। জ্যাজ-ব্লুজ উৎসব বড় করে শুরু করেও মাঠের অভাবে ছোট করে আনতে হয়েছে।

বড় ইভেন্টগুলোর বাইরেও আপনারা ছোট ছোট ইভেন্ট করেন। সামনে কী আছে?

আমাদের পরবর্তী ইভেন্ট ‘কাইফি অর ম্যায়’ নিয়ে আসছেন জাভেদ আখতার ও শাবানা আজমি। এটা অক্টোবরের ২৫ তারিখে হবে। ‘ডিসটর্ট’ নামে একটি বড় রক উৎসব করতে চাই। এখানে শুধু বাংলাদেশের ব্যান্ডগুলো থাকবে। সেটাও অক্টোবরে হওয়ার কথা। জগজিৎ সিংয়ের জন্মদিন ফেব্রুয়ারিতে। সেটাকে ঘিরে একটা গজল উৎসব করতে চাই। ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে আসার পরিকল্পনা আছে। জ্যাজ-ব্লুজ উৎসব হবে জানুয়ারির ১১ থেকে ১৩। এখন পর্যন্ত এসব পরিকল্পনা হয়েছে।

সাক্ষাৎকার: প্রণব ভৌমিক