>‘আমার দুহাতে’ শিরোনামে একটি গানে সম্প্রতি কণ্ঠ দিলেন সুবীর নন্দী। গানটি লিখেছেন সাংবাদিক কাজী সিরাজ। সেই গানের সুর ও সংগীত করেছেন তাঁর ছেলে কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জয় শাহরিয়ার। আগামী রোববার বাবা দিবস। ঠিক এর আগে আগে বাবা-ছেলের জুটির গড়া এই গানে কণ্ঠ দিয়ে সুবীর নন্দী বেশ আনন্দিত। গানটি আগামী ঈদে আজব রেকর্ডস থেকে জিপি মিউজিকে মুক্তি পাবে। এই গান এবং গানের জগতের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী।

নিজের কণ্ঠে গানটি কেমন লেগেছে?
গানটির কথার একটা কাব্যমূল্য আছে। সুরেও মেলোডি আছে। কথা ও সুর মিলিয়ে সহজ-সাধারণভাবে গানটি করা হয়েছে। শ্রোতাদের শুনতে ভালো লাগবে। অনেক সময় দেখা যায়, সাধারণ গানই শ্রোতারা বেশি পছন্দ করেন।
জয় শাহরিয়ারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
এর আগে জয়ের সঙ্গে আমার কাজ হয়নি। এবারই প্রথম করলাম। তাঁর গান আগে থেকেই ভালো লাগে। জয়ের গানগুলোর কথা ও সুরের মধ্যে কোনো জটিলতা থাকে না। সহজ-সরল। গানগুলো শুনতে অসাধারণ লাগে।
এই প্রজন্মের গীতিকার, সুরকারদের সঙ্গে কাজ করতে কেমন লাগে?
আমার কাছে মনে হয়েছে, এই প্রজন্মের অনেকেই নিজেরা গান লিখছেন, সুর করছেন, আবার গাইছেনও। তবে যাঁদের গান গাওয়া দরকার, তাঁদেরই গান গাওয়া উচিত। সুর-সংগীত করা ঠিক নয়। একসঙ্গে সবকিছু করলে পরপর কিছু গান হয়তো ভালো হবে। কিন্তু একটা সময় দেখা যাবে, একই আবর্তে গানের ধরন আটকে গেছে। অন্যের সুর ও সংগীতে গান গাওয়ার মধ্যে কাজের ভিন্নতা পাওয়া যায়। কাজও ভালো হয়। তবে দু–একজন একই সঙ্গে সুর, সংগীত ও কণ্ঠ—সব ক্ষেত্রেই ভালো কাজ করছেন।
এখন তো গানের মুক্তির ধরন পাল্টে যাচ্ছে। কীভাবে দেখছেন?
আগে সিডিতে গান মুক্তি পেত। এখন অনলাইনে মুক্তি পাচ্ছে। শ্রোতারা চাইলেই পেনড্রাইভে সেই গানগুলো নিয়ে নিতে পারছেন। এতে গানের ক্ষতি হচ্ছে। হয়তো পেনড্রাইভে অনেক গান একসঙ্গে নেওয়া যাচ্ছে, কিন্তু ফিজিক্যালি ডকুমেন্টেশন হচ্ছে না। কিন্তু সিডিতে সেই বিষয়টি ছিল। সিডিতে গান শুনে যে আরাম, পেনড্রাইভে তা নেই। পেনড্রাইভে গান ভরে তা সময়ে সময়ে শুনলে মন ভরে না।