সিনিয়রদের দেখে এখনো আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্বর ৫০টি নাটক কোটি ভিউ অতিক্রম করেছে। গতকাল খবরটি জানার পর নাটকের পরিচালক–প্রযোজক ও সংশ্লিষ্টরা কেক কেটে উদ্‌যাপন করেন এই অভিনয়শিল্পীর শুটিং স্পটে। বুধবার সন্ধ্যায় শুটিং স্পট থেকে প্রথম আলোর সঙ্গে কথা বললেন অপূর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

৫০ নাটক কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করার অনুভূতি কেমন?

নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার অনুভূতি। ভক্তদের ছাড়া তো এটা অসম্ভব। এটা ঘটেছে শুধু তাঁদের জন্যই। এই অর্জন আমার একার নয়, এটার ভাগীদার নাটকের সঙ্গে যুক্ত সবাই। ওপরে আল্লাহ আর নিচে মানুষের ভালোবাসা ও দোয়াতে সম্ভব হয়েছে।

প্রশ্ন :

এই ভালোবাসা আপনাকে কতটা দায়বদ্ধ ও আবেগতাড়িত করে?

আবেগতাড়িত তো হই–ই। তবে আমার সব সময় মনে হয়, এতটা ভালোবাসার কি যোগ্য আমি, যতটা ভালোবাসছেন তাঁরা আমায়। এটা তো এক–দুই দিন না বা এক–দুই বছর না। দেড় দশকের বেশি সময় অব্যাহত আছে। তাঁরা ভালো বেসেই যাচ্ছেন। যখন দেখি যে ছোট বাচ্চারাও আমার নামটা জানে, এমন অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।

প্রশ্ন :

এমন ভালোবাসায় কি ভয়ও হয়?

ভয় তো কাজ করে। স্বাভাবিকভাবে এত ভালোবাসা যেহেতু পাই, ভালোবাসা হারানোর ভয় তো থাকেই। তবে এটা ঠিক, সব সময় চেষ্টা থাকে ভালোবাসা যাতে না হারাই, সেভাবে কাজ করতে থাকি। কখনো তো মনের ইচ্ছার বিরুদ্ধে যাই না, দর্শকদের কথা মাথায় রেখে কাজ করি। আমি টেলিভিশনে কাজ করি, ড্রয়িংরুম দর্শকদের জন্য, পরিবার–পরিজন নিয়ে যাতে আমার নাটকগুলো সবাই দেখেন। চেষ্টা করি যতটা সম্ভব পরিবারের সবাই মিলে যেন আমার নাটক দেখতে পারেন। তাঁরা যেন আনন্দিত হন। আমার কাজগুলো যেন এনজয় করেন।

প্রশ্ন :

অনেক নাটকে অভিনয় করেছেন। দর্শকের ভালো লাগার কথা মাথায় রাখেন। আবার শিল্পী হিসেবে নিজেরও ভালো লাগা তো থাকে। দর্শক ও শিল্পীর মধ্যে এই ভালো লাগার হার কতটুকু?

এই পার্সেন্টিজ ওভাবে মাপামাপির সুযোগ পাইনি কখনো। তবে আমার কাছে মনে হয়, দুটিই খুব কাছাকাছি। বেশির ভাগ সময় আমার ক্ষেত্রে এমনটা হয়েছে, যে কাজ আমার ভালো লাগছে, সে কাজ দর্শকেরও ভালো লাগছে। দর্শকের প্রিয় এবং আমার প্রিয় যদি কাছাকাছি না হতো, তাহলে এত নাটক তো কোটি ভিউ হতো না।

জিয়াউল ফারুক অপূর্ব
প্রথম আলো

প্রশ্ন :

২০০৬ সাল থেকে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। অনেক নাম–যশ অর্জন করেছেন। যতই দিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছেও। একটা সময় এই জনপ্রিয়তা হয়তো থাকবে না। এই কাজের ব্যস্ততাও থাকবে না। এসব কি আপনাকে ভাবায়?

আমাকে এসব একদমই ভাবায় না। যেটা প্রকৃতির নিয়মে ঘটে, সেটা মেনে নিতে হয়। যাঁরা মানতে পারেন না, তাঁদের আসলে কষ্ট হয়। হতাশায়ও ভোগেন। জায়গা ছেড়ে দেওয়াটা আসলে বিষয় না। সম্মান নিয়ে ভাবি। আমার সিনিয়রদের দেখে এখনো আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। সম্মান করি। আমার ভয় আসলে ওটাই, যখন আমি এই অঙ্গন ছেড়ে দেব, সম্মান ঠিকঠাক পাব কী না? এর বাইরে আর কোনো কিছুতেই ভয় লাগে না। শুধু লিড রোলে কাজ করেছেন এমন নয়, আমার অভিনয়ে আসার আগে যাঁরা সাপোটিং রোলেও কাজ করতেন—শুটিং সেটে থাকলে তাঁদেরকেও একইভাবে সম্মান দেওয়ার চেষ্টা করি। কারণ তারা আমার সিনিয়র। আমি যখন অভিনয়ে এসেছিলাম, তখন আমার সিনিয়রদের মধ্যেও এই চর্চা দেখেছি। আমি যখন স্ক্রিনে নিয়মিত থাকব না, তখন কি কারও মনে থাকব, এটা খুব নিয়ে ভাবায়। ভয়ও লাগে।

জিয়াউল ফারুক অপূর্ব
ছবি:ইনস্টাগ্রাম

প্রশ্ন :

অভিনয়ে আপনাদের পরেও একটা প্রজন্ম বেড়ে উঠছে। তাঁদের মধ্যে একে অপরকে সম্মান দেওয়ার চর্চাটা কেমন দেখছেন?

এখন এত প্ল্যাটফর্ম, কাজের পরিধি এত বড়, জুনিয়র থেকে সিনিয়র সবার কাজের এত চাপ, আমাদের সবচেয়ে বেশি মিস করা হয়, গেট টুগেদার। এতে সবার সঙ্গে সবার সামাজিকতা বজায় রাখা হয়ও না। দেখাটুকুই ঠিকমতো হয় না। সবাই না খুব অচেনা জায়গায় আছি। যার যার মতো রোবোটিকভাবে কাজ করে যাচ্ছি। সোজা বাংলায় বলে যে সবাই দৌড়ের ওপর আছে। দৌড়ের ওপর থাকার কারণে আমাদের ভাবের আদান–প্রদানটা একদমই হয় না। নতুন প্রজন্মের যারা আসছে, তারা আসলে মানুষ হিসেবে কেমন বা আমি তাদের কাছে কোন জায়গায় অবস্থান করছি, এগুলো জানার বা বোঝার জন্য মেশার সুযোগ থাকতে হয়। ওই মেশার সুযোগটা কম। যখন দেখা হয়, একপলক, একঝলক; ওপরতলা–নিচতলা শুটিং করতে গিয়ে গেট থেকে বের হওয়া বা ঢোকার সময় হচ্ছে। তখন তো সবাইকে ভালো লাগে আসলে। তবে সবাইকে জানা ও বোঝাটা হচ্ছে না শুধু।

প্রশ্ন :

টেলিভিশন নাটকে এখন সবচেয়ে বেশি সম্মানী নিচ্ছেন আপনি। আপনার ধারেকাছেও কেউ নেই। এটার বিশেষ কি কারণ আছে?

এটা অবশ্যই বিশেষ একটা কারণ আছে। আমি যাতে কাজের পরিমাণ কমিয়ে বার্ষিক আয় স্ট্যাবল রেখে যাতে ভালো মানের কাজ বেশি বেশি করতে পারি, সেটাই উদ্দেশ্য।

মন দরিয়া নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও ফারিণ
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

আপনার অভিনীত নাটকের কোটি ভিউ হচ্ছে কিন্তু আপনার শিল্পীমন কতটা তৃপ্ত হচ্ছে?

দিনশেষে দর্শকের জন্যই তো আসলে কাজ করা। কাজের ক্ষেত্রে দর্শকদের গ্রহণযোগ্যতার কথা মাথায় রাখা হয়। বিভিন্ন ধরনের, বিভিন্ন রুচির দর্শক আসলে সবখানেই থাকে। কোনো কোনো কাজ যখন সুনির্দিষ্ট দর্শকের রুচির সঙ্গে মিলে যায়, তখন সেটা তাঁর ভালো লাগার নাটক হয়ে ওঠে। আমি যেন সবার জন্য কাজ করতে পারি, সেই চেষ্টাই থাকে। শিল্পীমনের জায়গা থেকেও বেশ কিছু কাজ করেছি। তাই দর্শকের রেসপন্সও পেয়েছি। আমি সৌভাগ্যবান মনে করছি এ কারণে, আমার পছন্দের সঙ্গে অনেক সময় দর্শকের পছন্দ মিলে যায়, আর ওই মুহূতে নিজেকে সফল মনে করি। তবে সবশেষে এটা বলব, শিল্পীমন তো কখনোই পুরোপুরি তৃপ্ত হয় না। শিল্পী সব সময় তৃষ্ণার্ত থাকবে। নতুন নতুন সব গল্পে কাজ করার জন্য মুখিয়ে থাকবে এটাই স্বাভাবিক।

প্রশ্ন :

টেলিভিশনে লম্বা সময় কাজ করছেন। চলচ্চিত্রেও দেখা গিয়েছিল। কিন্তু নিয়মিত না। অনেকে বলে থাকেন, চলচ্চিত্রে অভিনয় করলেও অপূর্ব ভালো করত?

বিষয়টি হচ্ছে যেকোনো জায়গায় থিতু হয়ে মনোনিবেশ করতে হয়। লেগে থাকতে হয়। টেলিভিশন নাটকে আমার ওপরও একটা গুরুদায়িত্ব এসে পড়েছে। এত মানুষ যাঁরা আমাকে অপূর্ব বানিয়েছেন, যাঁদের অবদানের শেষ নাই—এটার প্রতিদান হিসেবে টেলিভিশনে মন দিয়ে কাজ করছি। হঠাৎ করে আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে নতুন করে শুরু করাটাও ডিফিকাল্ট।

শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব

প্রশ্ন :

তার মানে বড় পর্দায় আপনাকে দেখার সুযোগ নেই?

তা হবে কেন। অনেক কিছুই হয় আসলে। ওই যে একটা কথাই বলতে, যেটা বেশির ভাগ ক্ষেত্রে বলা হয়, ব্যাটে-বলে মিললে করব আরকি।