>পয়লা বৈশাখ দেশজুড়ে মুক্তি পেয়েছে শামীম আহমেদ পরিচালিত ধ্যাততেরিকি ছবিটি। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই অভিনেতার কাছে জানতে চাওয়া হলো তাঁর নতুন ছবি, পয়লা বৈশাখ ও সামনের কাজগুলো নিয়ে।

প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধ্যাততেরিকি’ দেখেছেন?
না। সময় পাইনি। গত বৃহস্পতিবার (ছবি মুক্তির আগের দিন) আমার মায়ের অসুস্থতার খবর পাই। ওই দিন দুপুরেই মাকে আনতে ময়মনসিংহে চলে যাই। তবে ছবিটি মুক্তির আগে এর প্রচার–প্রচারণার জন্য অনেক জায়গায় গিয়েছি।
তাহলে কবে ছবিটি দেখতে যাবেন?
এখনই বলতে পারছি না। তবে সিনেমা হলে বসে দেখার ইচ্ছা আছে ছবিটি। মা এখন বারিধারার একটি হাসপাতালে ভর্তি আছেন। আপাতত মাকেই সময় দিচ্ছি।
নিজে দেখতে পারছেন না। তবে দর্শকদের সাড়া পেয়ে কী মনে হচ্ছে?
মুঠোফোন, ফেসবুক, ইনস্টাগ্রামের কল্যাণে কোনো খবরই অজানা থাকে না এখন। পরিচিত-অপরিচিত অনেকের কাছ থেকেই ছবিটির ব্যাপারে জানতে পারছি। কয়েকজন হলমালিকও আমাকে ফোন করে ভালো খবর জানিয়েছেন। শুনেছি ভালো যাচ্ছে ছবিটি।
এর আগে রোমান্টিক আর অ্যাকশন ঘরানার চরিত্রে অভিনয় করেছেন। এবার কমেডি ছবিতে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন?
মানুষকে হাসানো কিন্তু খুব কঠিন কাজ। তবে এই ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করতে সমস্যা হয়নি। আমার স্বভাব–চরিত্র সম্পর্কে পরিচিতজনেরা সবাই-ই জানেন। আমি মানুষকে আনন্দ দিতে ভালোবাসি। এমনকি এই ছবির শুটিংয়ে শট দেওয়ার সময় অনেককেই হাসতে দেখেছি।
‘একটি সিনেমার গল্প’ ছবির খবর কী?
এই ছবিটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ১ সেপ্টেম্বর থেকে শুটিংয়ের কথা আছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। প্রথমে শুটিং হবে বাংলাদেশে। যেহেতু এটি যৌথ প্রযোজনার ছবি, তাই দেশের বাইরেও শুটিং হবে। তবে কোন দেশে হবে, তা ঠিক হয়নি এখনো।
সাক্ষাৎকার: শফিক আল মামুন