
আজ চ্যানেল আইতে বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে মাঝদুপুরের টেলিছবি কৃষ্ণপক্ষের প্রহরী। আওরঙ্গজেবের রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সুষমা সরকার। টেলিছবিসহ বেশ কিছু বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।
‘কৃষ্ণপক্ষের প্রহরী’ টেলিছবির শুটিং হলো কত দিন আগে?
গত সপ্তাহে। হুট করেই কাজটি করা। গল্পটি ভালো লেগেছে। আর আমরা বেশির ভাগ শুটিং করেছি রাতে। বিভিন্ন রাস্তা ও বস্তিতে।
কোন বস্তিতে শুটিং করলেন?
ঢাকার উত্তরায় তুরাগ নদের পাশে একটি বস্তি আছে। ওখানে শুটিংয়ের শেষ দিন প্রায় রাত একটা পর্যন্ত শুটিং করেছি। বস্তির প্রত্যেকেই খুব সহযোগিতা করেছেন। আমরা বস্তিতে পৌঁছানোর পরপরই একঝাঁক বাচ্চা এসেছে আমাদের দেখতে। মজার ব্যাপার হলো, প্রত্যেক বাচ্চা প্রায় একই বয়সী।
আপনি তো নিয়মিত চলচ্চিত্রেও কাজ করেন।
আমি দুটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছি ছুঁয়ে দিলে মন ও বাদশা। প্রধান চরিত্র না হলেও আমার চরিত্রটি দর্শক পছন্দ করেছেন। বাইরে বের হলে সেটা টের পাই। আরও দুটি ছবিতে কাজ করার কথা চূড়ান্ত হয়েছে।
কোনটিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? নাটক, না সিনেমা?
নাটক এখন আর কেউ দেখেন বলে মনে হয় না। এত নাটক প্রচারিত হয়, কিন্তু কেউ সেগুলো নিয়ে খুব বেশি কথা বলেন না। কোথাও কোনো আলোচনা নেই। কিন্তু সিনেমার কাজ অনেকেই দেখেন এবং সেটি নিয়ে আলোচনাও করেন। এখনো বাইরে গেলে আমাকে অনেকে ‘বাদশা’র বোন বলে ডাক দেন।