আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চায়ন হবে লন্ডনভিত্তিক সাংস্কৃতিক দল ‘কমলা কালেক্টিভ’-এর নাটক বীরাঙ্গনা: উইম্যান অব ওয়ার। এ দলের সদস্য সোহিনী আলম। কমলা কালেক্টিভের পাশাপাশি তিনি আছেন গানের দল ‘ক্ষ’ ও ‘লক্ষ্মীট্যারা’-র সঙ্গে। তিনি জানালেন তাঁর সাম্প্রতিক খোঁজখবর

কেমন আছে ‘ক্ষ’?
খুব ভালো আছে। গেল আগস্টেই তো লন্ডনে ক্ষ স্বনামে তার প্রথম অ্যালবাম প্রকাশ করল। সাত বছর সময় নিয়ে তৈরি হয়েছে এ অ্যালবাম। লন্ডনে পাওয়া যাচ্ছে এখন। অনলাইনে ফরমাশ করে যেকোনো জায়গা থেকেই এটি কিনতে পারবে যে কেউ। তবে আমরা পরিকল্পনা করছি অ্যালবামের ডিজিটাল প্রকাশনার। তাহলে ক্ষ-এর গান শোনা সবার জন্য আরও সহজ হবে।
কবে নাগাদ ডিজিটালরূপে আসবে ক্ষ?
তারিখটা নিশ্চিত করে বলতে পারব না। তবে খুব শিগগির। আমরা সব কাজ একেবারে গুছিয়ে এনেছি। ইচ্ছে আছে ঢাকাতেই একটা প্রকাশনা অনুষ্ঠান করার। কিন্তু সব সদস্যকে দেশে এনে, সবার সঙ্গে কথা বলে অ্যালবাম প্রকাশ অনেক সময়ের ব্যাপার। আমরা বিষয়টি নিয়ে ভাবছি।
পরের অ্যালবাম?
প্রথম অ্যালবামে তো ক্ষ-এর কোনো মৌলিক গান রাখতে পারিনি। তাই পরের অ্যালবামে কিছু মৌলিক গান থাকবে। গানগুলো নির্বাচন করা হয়ে গেছে। আমরা আরও কিছুদিন এ নিয়ে গবেষণার কাজ করব।
এবার লক্ষ্মীট্যারার খবর বলুন...
দুটো অ্যালবাম তো এল লক্ষ্মীট্যারার। এবার তৃতীয় অ্যালবাম নিয়ে কাজ হচ্ছে। পাশাপাশি নিয়মিত অনুষ্ঠানও করছি আমরা।
‘বীরাঙ্গনা’ সম্পর্কে বলুন
বাংলাদেশে শহীদ মিনারের মতো জায়গায় কমলা কালেক্টিভের প্রথম প্রযোজনা পরিবেশনের সুযোগ পেয়ে আমরা অনেক গর্বিত। বীরাঙ্গনা আমাদের দলের প্রথম কাজ। ইংল্যান্ডের বিভিন্ন স্থানে এটি প্রায় ২০ বারের মতো মঞ্চস্থ হয়েছে। এবার বাংলা ভাষায় বাংলাদেশে হবে এর প্রথম মঞ্চায়ন।
কমলা কালেক্টিভের সামনের কাজগুলো কী?
সামনে আমরা বনবিবি ও সুন্দরবন নিয়ে একটি কাজ করব। এ প্রকল্পে কমলা কালেক্টিভের সঙ্গে ক্ষ-ও যুক্ত থাকবে।
সাক্ষাৎকার: আদর রহমান