সেঞ্চুরি করেই বাড়ি ফিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী মৌসুমী নাগকে টিভি নাটকেই সব সময় দেখা গেছে। আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র রানআউট। নাটক ও চলচ্চিত্রের এই অভিনেত্রী বললেন তাঁর কথা—
মৌসুমী নাগ
মৌসুমী নাগ

‘রানআউট’ ছবিতে মৌসুমী নাগের রানআউটের আশঙ্কা কতটুকু?
একদমই নেই। আমি রান করতে এসেছি। সেঞ্চুরি করেই বাড়ি ফিরব। ছবি মুক্তির আগে থেকেই অনেকে ছবিটি সম্পর্কে নানা কিছু জানতে চাইছেন। পরিচিতজন ও ভক্তদের আগ্রহ আমার উত্সাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
আপনি তো ‘রানআউট’ ছবির প্রধান নায়িকা, তাই না?
হ্যাঁ। এতে কোনো সন্দেহ তো থাকার কথা না।
কিন্তু ‘রানআউট’-এর পোস্টারে তো আপনাকে তেমনভাবে দেখা যাচ্ছে না...
ছবির জন্য কয়েক ধরনের পোস্টার করা হয়েছে। ফেসবুকে একটা প্রজন্মকে টার্গেট করে নায়লা নাঈমের পোস্টারকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহের পোস্টারে আমার ছবি আছে। তবে এটা ঠিক, সেখানে আমার ছবি ঠিকভাবে গুরুত্ব পায়নি। এ নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মনে করি, পোস্টার দেখে কেউ ছবি দেখতে যান না। ছবির গল্প ভালো হলে দর্শক এমনিতে হলে ছুটবেন।
এর মানে আপনি বলতে চাইছেন ‘রানআউট’ ছবির গল্প ভালো?
এই ছবির গল্প যেমন ভালো, নির্মাণশৈলীও চমত্কার। সব মিলিয়ে এই ছবিটি একবার যিনি দেখবেন, তিনি অন্যকে দেখার জন্য অনুরোধ করবেন।
‘রানআউট’ নাকি বড়দের জন্য...
রানআউট ছবির গল্পে অন্ধকারজগতের ব্যাপারগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে এটা প্রাপ্তবয়স্ক দর্শকেরা ছাড়া বুঝতে পারবেন না।
আপনাকে তো এখন আর টিভি নাটকে দেখা যাচ্ছে না...
সবেমাত্র আমি মা হয়েছি। তাই মাস সাতেক হলো অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। আরও বেশ কয়েক মাস নাটকে কাজ করা হবে না।
সন্তানকে সময় দেওয়ার পর যেটুকু অবসর সময় মেলে তখন কী করেন?
বই পড়ি। আশাপূর্ণা দেবী আমার প্রিয় লেখকদের একজন। মাতৃত্বকালীন সময়ে তাঁর অনেকগুলো বই পড়েছি। প্রথম প্রতিশ্রুতি যে কতবার পড়েছি, মনে নেই। সর্বশেষ অতীন বন্দ্যোপাধ্যায়ের একটি বই পড়ে বেশ ভালো লেগেছে।

সাক্ষাত্কার: মনজুর কাদের