সেটা ঈদের পরে দেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গত সোমবার কলকাতা থেকে দেশে ফিরেছেন ঢালিউড নায়ক শাকিব খান। জানা গেছে, এসকে মুভিজের পর কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এগিয়েছে সেই আলোচনা, জানা গেছে তাঁর আরও কিছু কাজের খবর। সেসব নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা হয় এই অভিনেতার।
শাকিব খান
শাকিব খান

শুনলাম, কলকাতার একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে যাচ্ছেন।
হ্যাঁ, কাজ করব। বেশ কয়েক দফা মিটিং হয়েছে তাঁদের সঙ্গে। কথাবার্তাও চূড়ান্ত, তবে চুক্তি হয়নি এখনো। এখনই সবটা বলতে চাইছি না। তবে এটুকু বলি, ছবির পরিচালক রাজীব বিশ্বাস, মার্চ থেকে শুটিং। ছবিটি আগামী ঈদের।
নায়িকা কে?
এটা বললে তো সবই বলা হয়ে গেল। তবে এটুকু নিশ্চিত করছি, শিকারি বা নবাব ছবিতে কলকাতার যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাঁরা কেউ নন। থাকবেন কলকাতার অন্য এক জনপ্রিয় নায়িকা।
এ বছরের ঈদুল ফিতরে ‘নবাব’, ‘অহংকার’ ও ‘রাজনীতি’ মুক্তি পাবে?
এগুলো তো ঈদের জন্য বানানো হয়নি। ঈদে মুক্তি পাবে কেন? ঈদের ছবি ঈদের মতো করেই বানানো হবে। যেমনটা হয়েছে শিকারি ও বসগিরি। ঈদের ছবি হিসেবে ছবি দুটি ব্যবসাও করেছে। ঈদের কথা মাথায় না রেখে ছবি বানিয়ে ঈদের সময় মুক্তি দিলে আমার কিছু করার নেই। এতে লোকসান হওয়ার আশঙ্কাই বেশি।
কলকাতায় এত সময় দিলে বাংলাদেশের কী হবে?
আমাদের ছবিতে তো কাজ করছি। অহংকার ছবির শুটিং চলছে, আগামী আট থেকে দশ দিনের মধ্যে ঈদের দুটি ছবিতে সই করব। তবে ঈদের ছবির জন্য ভালো গল্প, বাজেট ও গুণী নির্মাতা দরকার। পাশাপাশি সেসব ছবির কারিগরি দিকটাও হওয়া চাই যুগোপযোগী। গল্পের প্রয়োজনে লোকেশন নির্বাচনেও আপস করা যাবে না। তা না হলে প্রতিযোগিতায় টিকতে পারব না আমরা।
অনেক দিন আড়ালে থাকার পর অপু বিশ্বাস ফিরেছেন। শিগগিরই আটকে থাকা ছবিগুলোর শিডিউল দেবেন। আপনি প্রস্তুত তো?
বললেই তো আর হবে না। ছবিগুলোতে আমার অংশের কাজ শেষ করতে দু-তিনবার করে শিডিউল দিয়েছি। দেখা গেছে, পরিচালকেরা প্রতিবারই দুই দিন আগে শুটিং বাতিল করেছেন। এখন হঠাৎ করে কেউ শিডিউল চাইলেই তো আর দেওয়া সম্ভব নয়। ঈদুল আজহা পর্যন্ত সময় দিয়ে ফেলেছি। সময় দেওয়া যায় কি না, সেটা ঈদের পরে দেখা যাবে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন